২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া ইস্যুতে বিবৃতি প্রকাশে একমত জাতিসংঘ

সিরিয়া ইস্যুতে একটি বিবৃতি প্রকাশে চীন ও রাশিয়াসহ ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 03:37 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

জাতিসংঘ, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া ইস্যুতে একটি বিবৃতি প্রকাশে চীন ও রাশিয়াসহ ঐকমত্যে পৌঁছেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই বিবৃতিতে জাতিসংঘ-আরব লিগ দূত কফি আনানের শান্তি প্রস্তাবকে সমর্থন জানানো হয়েছে এবং এ ছয়দফা প্রস্তাব মানতে ব্যর্থ হলে সিরিয়ার বিরুদ্ধে আরো অন্যান্য পদক্ষেপ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। আনানের এ প্রস্তাবে যুদ্ধবিরতি করা, সরকার এবং বিরোধীপক্ষের মধ্যে রাজনৈতিক সংলাপ শুরু করা এবং ত্রাণ সংস্থাগুলোকে পুরোমাত্রায় প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের বিবৃতি আনানের এ চেষ্টাকে আরো বেগবান করবে। আনান এ বিষয়ে আগেই নিরাপত্তা পরিষদের সহায়তা কামনা করার পর বিবৃতির খসড়া নিয়ে ১৫ সদস্যের এ পরিষদে দীর্ঘ আলোচনা হয়েছে। এরপরই এ বিবৃতি প্রকাশ করতে রাজি হয় নিরাপত্তা পরিষদের সদস্যরা। রাশিয়া এবং চীনও সিরিয়ায় সহিংসতা অবসানে রাজনৈতিক সমঝোতার পথকেই বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, গত এক বছর ধরে চলা সিরিয়ার আন্দোলন-সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। নিহতের এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত মঙ্গলবারও অন্তত ৩১ জন পুরুষ, নারী ও শিশু নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান মানবাধিকার সংগঠন ‘সিরিয়ান আবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/২১২৯ঘ.