ক্যানসাস, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৬ আফগান গ্রামবাসীকে হত্যার ঘটনায় সন্দেহভাজন অভিযুক্ত মার্কিন সেনা রবার্ট ব্যালেসের অপরাধের তেমন প্রমাণ নেই বলে দাবি করেছেন তার আইনজীবী জন হেনরি ব্রাউন।
তার মক্কেল মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট ব্যালেসের বিরুদ্ধে “কোনো ফরেনসিক প্রমাণ” বা “কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দী” নেই বলে দাবি করেছেন তিনি।
এছাড়া সার্জেন্ট ব্যালেসের প্রকাশিত আর্থিক সঙ্কটের সঙ্গে এই হত্যা মামলার যোগসূত্রের সম্ভাবনাও বাতিল করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যানসাসের একটি সামরিক কারাগারে আটক ব্যালেসের বিরুদ্ধে চলতি সপ্তাহেই হত্যাকাণ্ডের অভিযোগ গঠন করা হবে বলে ধারণা করা হচ্ছে।
নিরীহ আফগান গ্রামবাসীদের নির্বিচার হত্যা করার ওই ঘটনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক নাজুক হয়ে পড়েছে। এর জের ধরে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের চাপ সৃষ্টি হয়েছে।
ক্যানসাসের সামরিক কারাগারে ব্যালেসের সঙ্গে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের তার আইনজীবী ব্রাউন বলেছেন, “ব্যালেসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আমরা সবাই জানি। তবে আমি জানি না সরকার এর কতটা প্রমাণ করতে পারবে।”
ওই হত্যাকাণ্ডের ঘটনায় একমাত্র অভিযুক্ত ব্যক্তি সার্জেন্ট ব্যালেস। তবে ঘটনার সঙ্গে আরো কয়েকজন মার্কিনি যুক্ত ছিল বলে আফগানদের পক্ষ থেকে দাবি করা হয়েছে ।
ব্রাউন জানিয়েছেন, মামলা পরিচালনার লক্ষ্যে ওই ঘটনার প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহের জন্য তিনি আফগানিস্তানে যাবেন।
অর্থিক সঙ্কটে বিপর্যস্ত হয়ে ব্যালেস ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছেন এমন অভিযোগ প্রত্যাখ্যান করে ব্রাউন বলেন, “অবশ্যই তাদের অর্থিক সঙ্কট আছে। আমারও আর্থিক সঙ্কট আছে। যুক্তরাষ্ট্রের নিরানব্বই শতাংশ নাগরিক আর্থিক সঙ্কটে ভুগছে। তার মানে এই নয় যে আর্থিক সঙ্কট আছে বলেই আপনি নারী ও শিশুদের হত্যা করতে যাচ্ছেন।”
এর আগে পেন্টাগন জানিয়েছিলো, সার্জেন্ট ব্যালেসের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডও হতে পারে।
এ ধরনের একটি বিচার শেষ হতে বছরখানেক সময় লাগতে পারে। তবে অভিযুক্তের দ্রুত বিচার দাবি করেছে আফগান কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩৪ ঘ.
bdnews24