২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো

বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো মেক্সিকো। মঙ্গলবার ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির কয়েকশ’ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 05:41 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

মেক্সিকো সিটি, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো মেক্সিকো। মঙ্গলবার ৭ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির কয়েকশ’ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মিনিটেরও বেশি সময় ধরে চলা ভূমিকম্পে মেক্সিকো সিটির বাসিন্দারা প্রবল আতঙ্কে ঘড়বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে। আর কর্মস্থলে থাকা লোকজন অফিস ছেড়ে শহরের রাস্তায় নেমে পড়ে। ভূমিকম্পের কারণে মোবাইল ফোনের নেটওয়ার্ক ছিন্ন হয়ে যায়, শহরের ভবনগুলোর সব মানুষকে সরিয়ে নেওয়া হয় আর রাস্তায় প্রচণ্ড ট্র্যাফিক জ্যামের সৃষ্টি হয়। ভূমিকম্প সবচেয়ে প্রবলভাবে অনুভূত হয় মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুয়েররেরোতে। এখানে প্রায় ৮’শ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ১৯৮৫ সালে ৮.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে মেক্সিকো সিটির কয়েক হাজার বাসিন্দা নিহত হয়। ওই ঘটনার পর এটিই দেশটিতে হওয়া সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পটি ৭ দশমিক ৪ মাত্রার ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আর বড় ধরনের ভূমিকম্প হলেও উল্লেখযোগ্য কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যাল্ডেরন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩৭ ঘ.