ল্যানসিঙ, ক্যানসাস, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ১৬ আফগান গ্রামবাসীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনা রবার্ট ব্যালেস ওই হত্যাকাণ্ডের ঘটনা “স্মরণ করতে পারছেন না” বলে জানিয়েছেন তার আইনজীবী জন হেনরি ব্রাউন।
সোমবার যুক্তরাষ্ট্রের ক্যানসাসের একটি সামরিক কারাগারে ব্যালেসের সঙ্গে মুখোমুখি কথা বলার পর বিষয়টি জানান ব্রাউন।
সোমবার সন্ধ্যায় ল্যানসিঙয়ের যে আবাসিক হোটেলে তিনি অবস্থান করছেন সেই হোটেলের সামনে অপেক্ষমান সাংবাদিকদের ব্রাউন বলেন, “প্রশ্নের উত্তরে ওই রাতের ঘটনার পুরোটা স্মরণ করতে পারেননি ব্যালেস। তবে সে ‘স্মৃতিভ্রষ্ট’ রোগে আক্রান্ত নয়। অন্য অনেক কারণেও এমন হতে পারে।”
গত শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরত নিয়ে আসার পর থেকে মার্কিন সেনাবাহিনীর স্টাফ সার্জেন্ট রবার্ট ব্যালেসকে ক্যানসাসের সামরিক ঘাঁটির কারাগারে একটি নিঃসঙ্গ প্রকোষ্ঠে রাখা হয়েছে।
ব্যালেস গত ১১ মার্চ রাতে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারের গ্রামাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটি থেকে বের হয়ে নিকটবর্তী গ্রামে গিয়ে ১৬ জন নিরীহ আফগান গ্রামবাসীকে গুলি করে হত্যা করে।
নিহতদের মধ্যে ৯ জনই শিশু। বাকী ৭ জনের মধ্যে ৩ জন নারী ও ৪ জন পুরুষ।
ব্যালেসের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে এ সপ্তাহের শেষ দিকে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন সামরিক কর্মকর্তা।
ব্যালেসের ওই নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনায় যুক্তরাষ্ট্র-আফগানিস্তান সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৫৭ ঘ.
bdnews24