২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় চোরাগোপ্তা হামলায় ১২ পুলিশ নিহত

মেক্সিকোয় পাহাড় অধ্যুষিত এক মহাসড়কে চোরাগোপ্তা হামলায় ১২ পুলিশ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 05:47 AM

Updated : 24 Aug 2022, 11:01 AM

অ্যাকাপুলকো, মেক্সিকো, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোয় পাহাড় অধ্যুষিত এক মহাসড়কে চোরাগোপ্তা হামলায় ১২ পুলিশ নিহত হয়েছে। সোমবার দেশটির গুয়েররেরো প্রদেশের সরকারি মুখপাত্র আর্তুরো মার্টিনেজ এ খবর জানান। তিনি বলেন, রোববার সন্ধ্যায় পুলিশের একটি বহরের ওপর একদল অস্ত্রধারী অতর্কিত বন্দুক হামলা চালায়। এতে ১২ পুলিশ নিহত ও ১১ জনের বেশি আহত হয়। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় টেলোলোয়াপান শহরের নিকটবর্তী প্রত্যন্ত পার্বত্যাঞ্চলীয় মহাসড়কে এই ঘটনা ঘটে। এর আগে রোববার সকালে মস্তকবিহনী ১০টি মৃতদেহ টেলোলোয়াপান শহরের কেন্দ্রস্থলে একটি সড়কের ওপর ফেলে রাখা অবস্থায় উদ্ধার করা হয়। মাদকচক্র অধ্যুষিত এই অঞ্চলটিতে গত বছর থেকে কয়েক দফা বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। মাদক চোরাচালানকে কেন্দ্র করেই মূলত এই সহিংতার ঘটনাগুলো ঘটেছে। মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ কাল্ডেরন পাঁচ বছর আগে ক্ষমতাগ্রহণ করার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এরপর থেকে এ পর্যন্ত মাদক সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়। এর মধ্যে পুলিশ ও সেনা সদস্য রয়েছে আড়াই হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪১ ঘ.