আম্মান, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গভীর সঙ্কটে ডুবতে থাকা সিরিয়ার সমস্যা সমাধানে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে ফ্রান্স। সম্মিলিত আন্তর্জাতিক ফ্রন্ট গঠনের প্রস্তাব দিয়েছে তারা।
এদিকে রেডক্রসের আন্তর্জাতিক কমিটির (আইসিআরসি) প্রস্তাবের পক্ষে সহমত পোষণ করে রাশিয়াও সিরিয়ায় প্রতিদিন দুইঘণ্টা ‘মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছে।
সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করেছে বিদ্রোহীরা। গত এক বছর ধরে আসাদ সরকারের বিরুদ্ধে চলা গণআন্দোলন ও বিদ্রোহে এটাই সরকারি বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে বড় লড়াই।
এ পরিস্থিতিতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সিরিয়ার সহিংসতার নিন্দা জানানো ও সমস্যা সমাধানে জাতিসংঘ-আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত কফি আনানের উদ্যোগকে প্রয়োজনীয় সমর্থন দিতে পশ্চিমাদের তৈরি একটি খসড়া বিবৃতি বিতরণ করেছে ফ্রান্স।
মঙ্গলবার খসড়া প্রস্তাবটি গ্রহণ করা হতে পারে বলে আশা করছেন জাতিসংঘে নিয়োজিত বৃটিশ দূত।
ওদিকে, আইসিআরসি’র প্রধান জ্যাকব কেলেনবার্জার মস্কোয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সিরিয়ার ‘মানবিক যুদ্ধবিরতি’ বিষয়ে আলোচনা করেছেন।
এরপর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সিরীয় সরকার ও সরকারবিরোধী সব সশস্ত্র গোষ্ঠীকে আর সময়ক্ষেপণ না করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছে।
দামেস্কে লড়াই শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতির এ আহ্বান জানানো হলো।
তবে সিরীয় সরকার বা বিরোধী সশস্ত্র গোষ্ঠী, কোনো পক্ষ থেকেই রাশিয়ার আহ্বানে সাড়া দেওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।
আইসিআরসি বলেছে, যেসব এলাকায় লড়াই চলছে সেখান থেকে আহতদের সরিয়ে নেওয়া ও ওই এলাকায় আটকেপড়া মানুষদের জন্য জরুরি খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য প্রতিদিন দুইঘণ্টা ‘মানবিক যুদ্ধবিরতি’ খুব দরকার।
জাতিসংঘ জানিয়েছে, এক বছর ধরে চলা সিরিয়ার আন্দোলন সহিংসতায় ৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আর সিরীয় সরকার দাবি করেছে, ওই সময়ে সিরিয়ার সরকারি বাহিনীর প্রায় ২ হাজার সদস্যকে হত্যা করেছে বিদেশি রাষ্ট্রগুলো সমর্থিত “সন্ত্রাসীরা”।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১০৫৪ ঘ.
bdnews24