ত্রিপোলি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আটক দুই ব্রিটিশ সাংবাদিককে মুক্তি দিয়েছে লিবিয়ার সুহেলি ব্রিগেডের রক্ষীরা। গুপ্তচরবৃত্তির অভিযোগে গত ফেব্রুয়ারিতে তাদের আটক করেছিলো গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধ করা ওই রক্ষী দলটি।
রোববার লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের গণমাধ্যম ও আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান কর্মকর্তা আবেদ আল মেনেমেয়াদ তাদের মুক্তির বিষয়টি জানিয়েছেন।
ইরানের প্রেস টিভিতে (ইংরেজি ভাষা ভিত্তিক) কর্মরত ব্রিটিশ নাগরিক নিকোলাস ডাভিস জোন্স ও গ্যারেথ মন্টেগোমারি জনসন কে গত ২২ ফেব্রুয়ারি আটক করা হয়েছিলো।
মার্চের শুরুতে সুহেলি রক্ষীরা জানিয়েছিলো, লিবিয়ায় অবৈধ অনুপ্রবেশের দায়ে প্রাথমিকভাবে ওই দুই ব্রিটিশ নাগরিককে আটক করা হয়, তারা গুপ্তচরবৃত্তির সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।
মুক্তিপ্রাপ্ত দুইজনকেই চলতি সপ্তাহে লিবিয়ার সরকারের হেফাজতে হস্তান্তর করা হয় বলে জানান মেনেমেয়াদ।
“তাদের মুক্তি দেওয়া হয়েছে, আগামীকাল তারা লিবিয়া ত্যাগ করবে। ব্রিটিশ কনস্যুল তাদের গ্রহণ করেছে এবং তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ তুলে নেওয়া হয়েছে,” জানান তিনি।
মঙ্গলবার সুহেলি বিগ্রেডের প্রচার করা এক ভিডিওতে ওই দুই সাংবাদিককে লিবিয়ায় অবৈধ অনুপ্রবেশের কারণে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায়।
দুই ব্রিটিশ সাংবাদিকের মুক্তির বিষয়টি নিশ্চিত করে একে স্বাগত জানিয়েছে ত্রিপোলির ব্রিটিশ দূতাবাস।
সাংবাদিক জোন্স ও জনসনের আটককে বেআইনি দাবি করে তাদের আশু মুক্তির দাবি জানিয়েছিলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল ও রিপোর্টার্স উইদাউট বর্ডার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০০ ঘ.
bdnews24