নয়াদিল্লি, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রেল বাজেটে রেলের ভাড়া বাড়ানোর জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। সোমবার তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
রোববার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী মনমোহনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ।
লোকসভার বাজেট অধিবেশনে ‘রেলের ভাড়া ভাড়িয়ে রেলকে আইসিইউ থেকে বের করে আনা’র কথা বলে ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন দীনেশ। কিন্তু দলীয় নেত্রী মমতা তার এই প্রস্তাবের বিরোধিতা করে তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী মনমোহনকে বার্তা পাঠিয়েছিলেন।
মমতার দাবি বাস্তবায়নে ‘ধীরে চলো’ নীতি অনুসরণ করতে চাইছিল কংগ্রেস নেতৃবৃন্দ। কিন্তু কেন্দ্রের জোট সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার তৃণমূল নেত্রীর নির্দেশে নিজেই পদত্যাগপত্র পেশ করলেন দীনেশ।
রেলের ভাড়া বাড়ানোকে দলীয়নীতির পরিপন্থী বলে মনে করে তৃণমূল কংগ্রেস। তাই দিল্লির জোট সরকারে তাদের প্রতিনিধি রেলমন্ত্রীকে সরানোর দাবি তোলে তারা। সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বরখাস্তের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী মনমোহন কোনো ব্যবস্থা গ্রহণ না করলে পদত্যাগ করবেন না বলে এর আগে জানিয়েছিলেন রেলমন্ত্রী দীনেশ। বলেছিলেন তার কাছে দল থেকেও রেলের স্বার্থ বড়।
কিন্তু এ বিষয়ে মমতার কড়া অবস্থান দেখে পদত্যাগ করতে বাধ্য হলেন তিনি।
রেলমন্ত্রীর পদ থেকে দীনেশ পদত্যাগ না করলে কেন্দ্রীয় সরকার থেকে নিজেদের প্রত্যাহার করতে পারতো তৃণমূল।
সে ধরনের পরিস্থিতির আশঙ্কার মুখেই নিজ থেকে সরে দাঁড়ালেন দীনেশ ত্রিবেদী। ভারতের পরবর্তী কেন্দ্রীয় রেলমন্ত্রী হিসেবে তৃণমূলের মুকুল রায়ের নাম প্রস্তাব করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৭ ঘ.
bdnews24