বৈরুত, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার দামেস্কে বোমা হামলার পরদিন রোববার আরেক শহর অ্যালেপ্পোয় গাড়িবোমা হামলা হয়েছে।
অধিবাসীরা অ্যালেপ্পোর রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে দেখেছে বলে ‘সিরিয়ান অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’কে জানিয়েছে। তবে বিরোধী দলীয় কোনো গ্র“প বা সরকারি গণমাধ্যম হতাহতের সংখ্যা জানায়নি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলেছে, হামলায় ২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বিরোধীরা রাজনৈতিক নিরাপত্তা কার্যালয় এবং একটি চার্চের কাছে এ হামলায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।
‘অবজারভেটরী ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, বিস্ফোরণটি ঘটেছে রাষ্ট্রীয় নিরাপত্তা কার্যালয়ের কাছে।
রাষ্ট্রীয় নিউজ চ্যানেল সিরিয়া টিভি এ হামলাকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে বলেছে, অ্যালেপ্পোর আল-সুলায়মানিয়া এলাকায় দুটি আবাসিক ভবনের মধ্যে একটি পোস্ট অফিস ভবনের পেছনে এ বিস্ফোরণ ঘটেছে। গাড়িটিতে ২শ কেজি বিস্ফোরক ছিলো বলে জানায় নিউজ চ্যানেল আল ইখবারিয়া।
সানা ওয়েবসাইটের দৃশ্যে দেখা গেছে, বিস্ফোরণে বিল্ডিংয়ের সম্মুখভাগ উড়ে গেছে। রাস্তার একাংশ দেখা গেছে রক্ত মাখা।
হামলার দায় কেউ স্বীকার করেনি। অ্যালেপ্পোয় বিরোধীপক্ষের স্থানীয় রেভল্যুশনারী কাউন্সিলের এক কর্মী হামলার ঘটনার জন্য সরকারকে দায়ী করেছেন।
ওদিকে, রাজধানী দামেস্কে সরকার বিরোধী আন্দোলনে দমনপীড়ন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তার এবং মারধোর করা হচ্ছে আন্দোলনকর্মীদের।
দামেস্কে লোকজন শনিবারের গাড়িবোমা হামলায় নিহতদের স্মরণসভায় সমবেত হওয়ার পর হামলার প্রতিবাদে নামা ২শ’র বেশি বিরোধীকর্মীর একটি বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে নিরাপত্তা বাহিনী।
পুলিশ ব্যাপক তল্লাশি এবং ধরপাকড় চালিয়েছে বলে জানিয়েছে বিরোধীরা। তাছাড়া, দামেস্কের বিভিন্ন শহরতলীতে এবং উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রদেশগুলোতে বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর প্রচণ্ড লড়াইয়েরও খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯৩৬ঘ.
bdnews24