২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকল্যান্ডে যুক্তরাজ্যের তেল অনুসন্ধানে দক্ষিণ আমেরিকার আপত্তি

বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের তেল অনুসন্ধানের উদ্যোগকে প্রত্যাখান করেছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 08:19 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

আসুনসিয়ন, প্যারাগুয়ে, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জে যুক্তরাজ্যের তেল অনুসন্ধানের উদ্যোগকে প্রত্যাখান করেছে দক্ষিণ আমেরিকার রাষ্ট্রগুলো। শনিবার দক্ষিণ আমেরিকার জাতিগুলোর সংস্থা ইউএনএএসইউআর এর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলে, “মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জে যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের সামরিক উপস্থিতি ওই এলাকার সার্বভৌমত্ব বিতর্কের শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই আমরা সামরিক উপস্থিতি প্রত্যাখান করছি।” “পাশাপাশি ওই বিতর্কিত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের অনুসন্ধানে যুক্তরাজ্যের একতরফা প্রচেষ্টাও প্রত্যাখান করা হলো।” গত বৃহস্পতিবার আর্জেন্টিনা জানিয়েছিল, ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপকূলে তেল অনুসন্ধানের সঙ্গে কোনো কোম্পানি জড়িত হলে তারা ওই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। দক্ষিণ আমেরিকার হাত থেকে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ রক্ষা করার ঘোষণা দিয়ে যুক্তরাজ্য বলেছে, শুধু ফকল্যান্ডের ৩ হাজার অধিবাসীর অনুরোধেই কেবল তারা দ্বীপটির সার্বভৌমত্ব বা তেলের অধিকারের মতো বিষয় নিয়ে আলোচনায় বসতে পারে। ১৯৮২ সালের ২ এপ্রিল ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দখল করে নিয়েছিলো নিকটবর্তী দেশ আর্জেন্টিনা। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে মাত্র দুই মাসের যুদ্ধে দ্বীপটি পুনর্দখল করে যুক্তরাজ্য। ওই ঘটনার ত্রিশ বছর পূর্তিকে সামনে রেখে দ্বীপটির অধিকার নিয়ে আবার বিতর্কে জড়িয়ে পড়েছে দেশদুটি। তবে এ বিতর্কে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে দক্ষিণ আমেরিকার প্রায় সবগুলো রাষ্ট্র। দক্ষিণ আমেরিকার সীমানাভুক্ত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকানদের কাছে ‘আইলস মালভিনাস’ বলে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এসইউ/১৪০৮ ঘ.