ট্যাকোমা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের ১৬ গ্রামবাসীকে হত্যাকারী মার্কিন সেনার প্রাথমিক পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম রবার্ট ব্লেইস (৩৮), সে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট।
শুক্রবার ব্লেইসের পরিচয় প্রকাশ করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তবে ব্লেইসের প্রাথমিক পরিচয় প্রকাশ করা হলেও তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন ওই কর্মকর্তারা। তার বিরুদ্ধে অভিযোগ গঠনের পর তার পুরো পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তারা।
ব্লেইসের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ এখনও আনা হয়নি।
ব্লেইসের ওই হত্যাকাণ্ডের ঘটনা আফগানিস্তান -যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি ঘূর্ণিপাকে ফেলে দিয়েছে। এর প্রতিক্রিয়ায় আফগানিস্তানের গ্রামগুলোতে অবস্থিত ন্যাটোর সব সেনাঘাঁটি সরিয়ে নিতে বলেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। আর এ ঘটনার জের ধরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘অনিশ্চয়তার’ অভিযোগ এনে আফগান শান্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে তালেবান।
ব্লেইস গত রোববার মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহারে গ্রামাঞ্চলের একটি মার্কিন সেনাঘাঁটি থেকে বের হয়ে নিকটর্বর্তী গ্রামে গিয়ে ১৬ নিরীহ আফগান গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। এদের মধ্যে নয়জনই শিশু, বাকী তিনজন নারী ও চারজন পুরুষ।
পরিচয় প্রকাশের কিছুক্ষণ আগে ব্লেইসের আইনজীবী জানিয়েছিলেন, তার মক্কেলকে (ব্লেইস) শুক্রবার ক্যানসাসের ফোর্ট লিভেনওর্থ সেনা ঘাঁটিতে নিয়ে আসা হবে ও সেখানে কড়া নিরাপত্তায় রাখা হবে।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর সবচেয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে এই ফোর্ট লিভেনওর্থ সেনা ঘাঁটিতে।
ওয়াশিংটনের ট্যাকোমাভিত্তিক সেনাদলের স্টার্ফ সার্জেন্ট রবার্ট ব্লেইসকে বুধবার আফগানিস্তান থেকে সরিয়ে প্রথমে কুয়েতে রাখা হয়েছিল।
মার্কিন সেনা আইনে তার বিচার করা হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্লেইসের আইনজীবী জন ব্রাউন জানান, ইরাকে দুইবার আহত হওয়ার পর আবার তাকে আফগানিস্তানে পাঠানোয় অসন্তুষ্ট ছিল ব্লেইস। এরপর ওই নৃশংস হত্যার ঘটনার দুইদিন আগে শুক্রবার বিস্ফোরণে এক সহকর্মীর পা উড়ে যেতে দেখে বিপর্যস্ত হয়ে পড়েছিল সে।
ক্যামোফ্লেজ পোষাকে যুদ্ধাস্ত্র সজ্জিত ব্লেইসের একটি ছবি ইন্টারনেটে পাওয়া গেছে। গত অগাস্টে তোলা ওই ছবি ক্যালিফোর্নিয়ার ফোর্ট ইরউইন সেনা ঘাঁটিতে আফগানিস্তানে যাওয়ার উদ্দেশ্যে প্রশিক্ষণরত অবস্থায় তোলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২৫ ঘ.
bdnews24