২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান হত্যা: যুক্তরাষ্ট্রের সমালোচনায় কারজাই

কান্দাহারে মার্কিন সেনার হাতে ১৬ আফগান নিহতের ঘটনা তদন্তে পরিপূর্ণ সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে শুক্রবার সমালোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

কাবুল, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কান্দাহারে মার্কিন সেনার হাতে ১৬ আফগান নিহতের ঘটনা তদন্তে পরিপূর্ণ সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে শুক্রবার সমালোচনা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। তাছাড়া, ওই হত্যাকাণ্ড কেবলমাত্র একজন মার্কিন সেনার কাজ কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কারজাই বলেন, “সামরিক বাহিনী প্রধান এইমাত্র বললেন যে, আফগান তদন্ত দল যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ ঘটনা তদন্তে আশানুরূপ সহযোগিতা পায়নি। আর সেকারণেই স্পষ্টতই নানা রকম প্রশ্ন উঠেছে।” গত রোববার কান্দাহারে বেসামরিক আফগান হত্যা এবং গত মাসে ন্যাটো ঘাঁটিতে কোরান পোড়ানোসহ একের পর এক আপত্তিকর ঘটনায় ইতোমধ্যেই সঙ্কটে পড়া আফগানিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্কে আরো টানাপোড়েন সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্ট প্রাসাদে কারজাই সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরেই এমনটি চলছে। আমার কথা আপনারা আগেও শুনেছেন। এখন সব দিক থেকেই পরিস্থিতি চরমে পৌঁছেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কারজাই গ্রামের মোড়ল এবং হত্যাকাণ্ডের শিকার হওয়া পরিবারগুলোর কথা শোনেন। এ সময় অনেকেই চিৎকার চেঁচামেচি করেছে, আবার কেউ কেউ এ জঘন্য হত্যাকাণ্ডের জবাব চেয়েছে। তবে সবাই একবাক্যে এ ঘটনায় যে সেনাই জড়িত থাকুক না কেনো তার শাস্তি দাবি করেছে। এক গ্রামবাসীর উক্তি, “আমি কোনো ক্ষতিপূরণ চাই না, অর্থ চাই না, মক্কায় যাওয়ারও ব্যবস্থা চাই না, বাড়ি চাই না, কিছুই চাই না। যা চাই তা হচ্ছে আমেরিকানদের বিচার। এটাই, এটাই আমার দাবি।” কারজাইও গ্রামবাসীদের বিশ্বাসের পক্ষ নিয়ে বলেন, “একটি পরিবারের চারটি কক্ষে নারী ও শিশুদেরকে হত্যা করাটা একজনের কাজ হতে পারে না বলেই জনগণ মনে করে। তাদের সবাইকে এক ঘরে নিয়ে এসে গুলি করা হয়েছিল, যেটা একজনের পক্ষে করা সম্ভব নয়।” নির্মম এ হত্যাকাণ্ডে ক্ষুব্ধ আফগান ও আইনপ্রণেতারা আফগানিস্তানেই দায়ী ব্যক্তির বিচার দাবি করেছে। কিন্তু এ দাবির মুখেও আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে ঘাতক মার্কিন সেনাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/২১৩১ঘ.