লাভলু আনসার
নিউ ইয়র্ক প্রতিনিধি
নিউইয়র্ক, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হতে আবার লড়াইয়ে নামবেন বলে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির দুই লেখক।
২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে লেখা সর্বাধিক বিক্রিত বই ‘গেম চেঞ্জ’র রচয়িতা জন হেইলম্যান ও মার্ক হলপেরিন মার্কিন টেলিভিশন চ্যানেল এমএসএনবিসি’র ‘মর্নিং জো’ অনুষ্ঠানে হিলারিকে নিয়ে এই আভাস দেন।
২০০৮ সালে প্রেসিডেন্ট পদে দলীয় প্রার্থী হতে লড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি। সে দৌঁড়ে বারাক ওবামার কাছে হেরে যান তিনি। পরে প্রেসিডেন্ট ওবামা তাকে পররাষ্ট্রমন্ত্রী করেন।
হেইলম্যান বলেন, প্রেসিডেন্ট পদের জন্য লড়াইয়ে নামতে দলীয় প্রার্থী হতে হিলারির আরেকবার মাঠে নামার সম্ভাবনা ৯৯ দশমিক চার শতাংশ।
তবে এ বিষয়ে সম্ভাবনা দেখলেও তা অতটা জোরালো মনে করছেন না হলপেরিন। তিনি বলেন, এটা ঘটার সম্ভাবনা সামান্য কম।
হলপেরিনের মতে, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পুনঃনির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট পদের জন্য মাঠে নামলে সেখানে হিলারির লড়াইয়ে নামার সম্ভাবনা কম।
তবে বর্তমান প্রেসিডেন্ট ওবামার প্রথম মেয়াদের শেষদিকে এসে ভবিষ্যত পরিকল্পনা বিষয়ে হিলারিকে কোনো প্রশ্ন করা হলে বিনয়ী হাসিতেই তার উত্তর দেন তিনি।
হিলারি ক্লিনটন ছাড়াও মেরিল্যান্ডের গভর্নর মার্টিন ও’ম্যালি, নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কোমো ও কলোরাডোর গর্ভনর জন হিকেনলুপারও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার দৌড়ে মাঠে থাকবেন বলে মনে করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএইচ/১৯৫২ ঘ.
bdnews24