২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নরওয়ে হত্যাযজ্ঞ ঠেকানোয় গাফিলতির স্বীকারোক্তি পুলিশের

গত বছর নরওয়েতে বেরিং ব্রেইভিকের চালানো হত্যাকাণ্ড ঠেকানোয় গাফিলতির স্বীকারোক্তি দিয়েছে পুলিশ। ওই হত্যাকাণ্ড ঠেকাতে আরো দ্রুত তৎপর হওয়া যেতো বলে এই প্রথম স্বীকার করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 10:13 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

অসলো, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত বছর নরওয়েতে বেরিং ব্রেইভিকের চালানো হত্যাকাণ্ড ঠেকানোয় গাফিলতির স্বীকারোক্তি দিয়েছে পুলিশ। ওই হত্যাকাণ্ড ঠেকাতে আরো দ্রুত তৎপর হওয়া যেতো বলে এই প্রথম স্বীকার করেছে তারা। পুলিশের পক্ষ থেকে এর জন্য ক্ষমা চেয়েছেন রাষ্ট্রীয় পুলিশ পরিচালক অয়েস্টেইন মায়েল্যান্ড। তিনি বলেন, “বন্দুকধারীকে আগে গ্রেপ্তার করা গেলে আরো জীবন বাঁচানো যেত এটা জেনে খারাপ লাগছে।” এ হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশী তদন্তের পর একথা বলেন তিনি। গত বছর ২২ জুলাইয়ে এক সরকারি ভবনে ডানপন্থী চরমপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক (৩৩) বোমা হামলা চালিয়ে আটজনকে হত্যা করে। এরপর ৪০ কিলোমিটার দূরের উটোইয়া দ্বীপে লেবার পার্টির ইয়ুথ ক্যাম্পে গুলি চালিয়ে ব্রেইভিক আরো ৬৯ জনকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নরওয়েতে সংগঠিত সবচেয়ে বড় এ সহিংসতায় সব মিলিয়ে ৭৭ জন নিহত ও ২৪২ জন আহত হয়। এ ঘটনার এক ঘন্টা ২০ মিনিট পর পুলিশ নৌকায় করে ঘটনাস্থলে পৌঁছিয়ে ব্রেইভিককে আটক করে। ঘটনার সময় হেলিকপ্টার ব্যবহার না করায়ও সমালোচিত হয় পুলিশ। সহিংস কর্মকাণ্ডের অভিযোগে ব্রেইভিককে গ্রেপ্তার করা হলেও সে মানসিকভাবে অসুস্থ বলে মনে করছে আইনজীবীরা। আর তাই তাকে কারাগারে না রেখে মানসিক সেবা কেন্দ্রে রাখার অনুরোধও জানানো হয়েছে। আগামী ১৬ এপ্রিল অভিযুক্তকে বিচারের মুখোমুখি করা হতে পারে। ওদিকে, পুলিশের স্বীকারোক্তিতে সন্তোষ প্রকাশ করেছেন হত্যাকাণ্ডে মেয়েকে হারানো এক মা। তিনি বলেন, “তারা নিজেদের সমালোচনা করেছে- এটা ভালো দিক। তারা যাতে ক্ষমা প্রার্থনা করে সেজন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলাম আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬০৫ঘ.