২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘লাল মাংস মৃত্যুঝুঁকি বাড়ায়’

কমপরিমাণে লাল মাংস গ্রহণকারীদের তুলনায় বেশি পরিমাণে মাংস গ্রহণকারীদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2012, 07:45 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

নিউ ইয়র্ক, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কমপরিমাণে লাল মাংস গ্রহণকারীদের তুলনায় বেশি পরিমাণে মাংস গ্রহণকারীদের মৃত্যু ঝুঁকি বেশি থাকে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের ড. ফ্রাঙ্ক হু ও তার সহকর্মীদের পরিচালিত এক গবেষণায় একথা জানা গেছে। সম্প্রতি আর্কাইভস অব ইন্টারন্যাল মেডিসিনে এটি প্রকাশিত হয়। হু ও তার সহকর্মীরা এ গবেষণায় যুক্তরাষ্ট্রের চলমান দুটি বড় গবেষণার উপাত্ত ব্যবহার করেছেন। চলমান গবেষণাগুলোতে যুক্তরাষ্ট্রের চিকিৎসক ও সেবিকারা তাদের খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা, ধূমপান ও পারিবারিক ইতিহাসবিষয়ক প্রশ্নপত্র নিয়মিতভাবে পূরণ করে থাকেন। নতুন এ গবেষণায় মধ্যবয়সী প্রায় ৩৮ হাজার পুরুষ ও ৮৪ হাজার নারীর তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রথমবার জরিপ করার পর এ পুরুষদের গড়ে ২২ বছর ও নারীদের ২৮ বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে কম মাংস গ্রহণকারীদের দৈনিক মাংস গ্রহণের পরিমাণ ছিলো এক পরিবেশনের অর্ধেক বা তারও কম। অন্যরা দৈনিক দুই বা তিনবার করে মাংস গ্রহণ করেন। তিন আউন্সের অপ্রক্রিয়াজাতকৃত মাংস, একটি হট ডগ বা দুই টুকরা শুকরের মাংসকে এক পরিবেশন হিসেবে ধরা হয়। গবেষণায় দেখা যায়, দুই দশকে গবেষণায় অংশগ্রহণকারী প্রায় ২৪ হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। হু ও তার সহকর্মীদের হিসেব অনুযায়ী, দৈনিক একজন নারী ও পুরুষ অতিরিক্ত এক পরিবেশন লাল মাংস গ্রহণ করায় তাদের মৃত্যুর সম্ভাবনা ১২ শতাংশ বেড়ে যায়। আর অতিরিক্ত এক পরিবেশন মাংস গ্রহণে কার্ডিওভাসকুলার রোগে মৃত্যুহার ১৬ শতাংশ ও ক্যান্সারে মৃত্যুহার ১০ শতাংশ বাড়ে। এর সঙ্গে অবশ্য ওজন, ধূমপান, খাদ্যাভ্যাস ও অন্যান্য বিষয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে যা মৃত্যুর সম্ভাবনার সঙ্গে জড়িত। গবেষণায় আরো দেখা যায়, দৈনিক এক পরিবেশন মাংসের পরিবর্তে মাছ, শিম, বাদাম, কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার গ্রহণ করলে মৃত্যুর ঝুঁকি ৭-১৯ শতাংশ কমতে পারে। অন্যতম গবেষক হু বলেন, “লাল মাংসে, বিশেষ করে প্রক্রিয়াজাতকৃত লাল মাংসে প্রচুর পরিমাণে যৌগিক ও রাসায়নিক পদার্থ থাকে যা দীর্ঘস্থায়ী রোগের সঙ্গে সম্পর্কযুক্ত। আর রান্না করা লাল মাংস আরো বেশি পরিমাণে ক্যান্সারের উপাদান সৃষ্টি করে।” গবেষকরা বলেন, লাল মাংসে যে সম্পৃক্ত চর্বি ও কোলেস্টেরল থাকে তা ধমনীতে স্তর জমানোর সঙ্গে জড়িত। আর এতে করে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। অপর এক গবেষণায় দেখা যায়, বেশি পরিমাণে মাংস খেলে কিডনির ক্যান্সারের ঝুঁকি বাড়ে। হু বলেন, “লাল মাংস গ্রহণের সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ ও বিশেষ ধরনের ক্যান্সারের সম্পর্ক রয়েছে বলে আগের গবেষণাগুলোতে যে তথ্য পাওয়া গেছে তা প্রকৃতপক্ষে বিস্ময়কর নয়। তবে বিস্ময়কর হলো মাংসের পরিমাণের বিষয়টি। খুব অল্প পরিমাণ মাংস গ্রহণও মৃত্যু ঝুঁকির সঙ্গে সম্পর্কযুক্ত।” তিনি আরো বলেন, “তবে আমরা লোকজনকে নিরামিষাশী হতে বলছি না। আমি মনে করি, খুব অল্প পরিমাণে মাংস গ্রহণ স্বাস্থ্যকর খাদ্য গ্রহণেরই একটা অংশ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪০ ঘ.