বৈরুত, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সিরীয় সেনাবাহিনীর হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। পাশাপাশি প্রায় একহাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে দেশটির সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী রাষ্ট্র তুরস্কে আশ্রয় নিয়েছে।
এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে লন্ডনভিত্তিক সিরীয় মানবাধিকার গোষ্ঠী অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জনের লাশ পাওয়া গেছে যাদের হাত পেছনে বাঁধা ছিলো। এছাড়া সেনাবাহিনী ত্যাগকারী আরো পাঁচজন সাবেক সেনার লাশও একই অবস্থায় পাওয়া গেছে।
বৃহস্পতিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে চলা রক্তাক্ত বিদ্রোহের এক বছর পূর্ণ হলেও সমস্যার রাজনৈতিক সমাধানের কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না।
সিরিয়ার সরকারী বাহিনীর এই অব্যাহত রক্তপাত এবং এর ফলে তৈরি হওয়া বাস্তুচ্যুতদের প্রবেশ ঠেকাতে সিরিয়ার সীমান্তের ভিতরে একটি “বাফার জোন” প্রতিষ্ঠার বিষয়ে সমর্থন দেওয়ার কথা ভাবছে তুরস্ক। এ ভাবনা বাস্তবায়নে সত্যি সত্যি তুরস্ক যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে তা দামেস্ককে আরো ক্ষিপ্ত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের বছর পূর্তিতে বৃহস্পতিবার সিরিয়ার বিভিন্ন শহরে আসাদের সমর্থকরা তার পক্ষে মিছিল সমাবেশ করে। এসব সমাবেশে প্রচুর লোকসমাগম হলেও পরিকল্পিতভাবে তাদের জড়ো করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
গত বছর মার্চের মাঝামাঝি শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিলো। কিন্তু এখন সেটি প্রায় গৃহযুদ্ধের রূপ নিয়েছে।
আসাদবিরোধী আন্দোলনকারীরা অভিযোগ করেছে, আন্দোলনের বছর পূর্তিতে বিভিন্ন জায়গায় আসাদবিরোধী বিক্ষোভ করার চেষ্টাকারীদের ওপর আসাদ সমর্থকরা হামলা চালিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দামেস্কের শালান এলাকায় সমবেত হয়ে আসাদবিরোধী বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ প্রকাশ করে।
এদিকে, দেশটিতে সহিংসতা বন্ধে বিভিন্ন প্রস্তাব নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার কথা রয়েছে সিরিয়া বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত কফি আনানের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১১৩২ ঘ.
bdnews24