ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের চংকিং এর কমিউনিস্ট পার্টি প্রধানের নেতৃত্ব থেকে অপসারণ করা হয়েছে শীর্ষ রাজনীতিবিদ বো জিলাই কে।
তার স্থলাভিষিক্ত হবেন চীনের উপ-প্রধানমন্ত্রী ঝাং দে বো। সিনহুয়া এ খবর দিয়েছে।
চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশন শেষের একদিন পর জিলাই অপসারিত হলেন।
এ বছরের শেষ দিকে চীনের শীর্ষ নেতৃত্বে পালাবদল হওয়ার কথা রয়েছে। এ পালাবদলে শীর্ষ পর্যায়ে পদোন্নতি পাওয়ার সম্ভাব্য প্রার্থী ছিলেন জিলায়।
কমিউনিস্ট পার্টির দলীয় কংগ্রেসে জিলাই সর্বোচ্চ ক্ষমতাশালী স্থায়ী কমিটিতে স্থান করে নিতে চলেছিলেন। কিন্তু তিনি পদচ্যুত হওয়ায় সে সম্ভাবনায় ছেদ পড়ল।
একইসঙ্গে এ সময়টিতে জিলাইকে অপসারণের এ পদক্ষেপ চীনা কংগ্রেসে নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতিলগ্নে উদ্বেগ বাড়াবে বলেও মনে করা হচ্ছে।
গত মাসে জিলাইয়ের সাবেক পুলিশ প্রধান ও চংকিংয়ের ডেপুটি মেয়র ওয়াং লিজুন মার্কিন কনস্যুলেটে একদিন কাটিয়েছেন বলে গুঞ্জন উঠলে কেলেঙ্কারির মুখে পড়েন তিনি। ওয়াং সরকার পক্ষ ত্যাগ করতে চেয়েছিলেন বলে গুঞ্জন ওঠে।
এ ব্যাপারে দীর্ঘদিন নীরব থাকার পর গত সপ্তাহে জিলাই বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেন। ঘটনাটি হঠাৎই ঘটেছিলো এবং এমন কিছু ঘটার কথা চিন্তাও করতে পারেননি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৮১০ঘ.
bdnews24