ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের পার্চিন সামরিক স্থাপনায় একটি উচ্চ পরীক্ষামূলক বিস্ফোরক প্রকোষ্ঠ খুঁজে পাওয়ার দাবি করেছেন এক মার্কিন পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক বিশেষজ্ঞ।
‘ইন্সটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি’র প্রতিষ্ঠাতা ডেভিড আলব্রাইট মঙ্গলবার এই দাবি জানান।
বাণিজ্যিক কৃত্রিম উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে তিনি ওই বিশেষ প্রকোষ্ঠ খুঁজে পেয়েছেন বলে জানান। প্রকোষ্ঠটি তুলনামূলক ছোট বিচ্ছিন্ন একটি প্রাঙ্গণের এক ভবনে অবস্থিত বলে জানান তিনি। তার এই বর্ণনা গত নভেম্বরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)’র এক প্রতিবেদনের সঙ্গে মিলে গেছে।
প্রকাশিত প্রতিবেদনে অলব্রাইট জানান, ভবনটির চারদিকে নিরাপত্তা দেয়াল বা বেষ্টনী আছে আর নিকটবর্তী ভবন এবং ওই ভবনের মাঝে একটি ছোট রাস্তা আছে।
এই প্রাঙ্গণ পার্চিনের উচ্চ-বিস্ফোরক সম্পর্কিত স্থাপনা থেকে চার কিলোমিটার দূরে। ২০০৫ সালে আইএইএ’র পরিদর্শকরা এ স্থাপনা পরিদর্শন করেছিলেন।
আইএইএ’র পরিদর্শকদের সঙ্গে দুই পর্ব আলোচনায় পরিদর্শকদের পার্চিন পরিদর্শনের অনুমতি দিতে রাজি হয়নি ইরান। পশ্চিমা কূটনীতিকদের ধারণা, পরমাণু বোমার নকশার জন্য চালানো পরীক্ষামূলক বিস্ফোরণের নজির মুছে ফেলার সময় দিতেই পরিদর্শনের অনুমতি দিতে দেরি করছে ইরান।
“পার্চিনে কোন একটা কিছু চলছে বলে আমাদের কাছে খবর আছে,” সম্প্রতি বলেছেন আইএইএ’র মহাপরিচালক উকিয়া আমানো।
পরীক্ষণ প্রকোষ্ঠটি ২০০০ সালে পার্চিনে স্থাপন করা হয় এমন প্রমাণ আইএইএ’র কাছে আছে। এরপরই ওই প্রকষ্ঠোকে ঘিরে আশপাশের ভবনগুলো গড়ে তোলা হয় বলে জানানো হয় অলব্রাইটের প্রতিবেদনে।
২০০০ সালের পরবর্তী বছরগুলোতে সম্ভবত পরমাণু অস্ত্র তৈরির উদ্দেশ্যে একটি বড় পরীক্ষামূলক বিস্ফোরক প্রকোষ্ঠ ব্যবহার করে কিছু পরীক্ষা চালানো হয়েছিলো বলে জানান অলব্রাইট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৩ঘ.
bdnews24