ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আফগানিস্তানের সংঘাত বন্ধে রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই বলে মনে করে যুক্তরাষ্ট্র। তাই শান্তি আলোচনা বন্ধে তালেবানের ঘোষণার পরও তা চালিয়ে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছে যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজের মুখপাত্র জে কার্নি আফগান শান্তি আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের এ মনোভাব তুলে ধরেন বলে শুক্রবার বিবিসি জানায়।
“রাজনৈতিক সমাধান ছাড়া আফগানিস্তানের সংঘাত বন্ধের বিকল্প কোনো উপায় নেই,” বলেন জে কার্নি।
‘অস্পষ্ট, নড়বড়ে এবং নিয়ত পরিবর্তনশীল’ আচরণের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছে তালেবান। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আলোচনায় বসাকেও ‘অর্থহীন’ বলে বর্ণনা করেছে তালেবান।
তবে তালেবানের অভিযোগ অস্বীকার করে আলোচনা চালিয়ে যাওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন জে কার্নি।
এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তালেবানকে জানানো হয়েছিল, আফগান সংঘাত নিরসনে যে কোন আলোচনায় আফগান সরকারও একটি পক্ষ হিসেবে উপস্থিত থাকবে।
আফগান বিদ্রোহীদের সঙ্গে যে কোন ফলপ্রসূ আলোচনার জন্য তালেবানের অংশগ্রহণ অপরিহার্য উল্লেখ করে বিবিসি’র কাবুল প্রতিনিধি বলেন, তালেবানের আলোচনা বন্ধের সিদ্ধান্ত শান্তি আলোচনার জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০২ ঘ.
bdnews24