২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন সেনাদের শিরচ্ছেদের হুমকি আফগান তালেবানের

আফগানিস্তানের কান্দাহারে ১৬ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সেনাদের শিরচ্ছেদ করার হুমকি দিয়েছে তালেবানরা। এ হুমকির কয়েকঘণ্টা পরই সরকারি দলের ওপর চড়াও হয় তালেবান জঙ্গিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2012, 12:15 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

কাবুল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের কান্দাহারে ১৬ জন নিরীহ গ্রামবাসীকে নির্বিচারে হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্রের সেনাদের শিরচ্ছেদ করার হুমকি দিয়েছে তালেবানরা। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, “ইসলামিক আমিরাত আমেরিকান পশুদের আবারো সতর্ক করে জানাচ্ছে এ ঘটনার প্রতিশোধ নেওয়া হবে। আল্লাহর সাহায্য নিয়ে আমরা তোমাদের ধর্ষকামী খুনী সেনাদের শিরচ্ছেদ করে হত্যা করব।” এ হুমকি দেওয়ার ঘন্টাখানেকের মধ্যেই ওই হত্যাকান্ড তদন্তে নিয়োজিত সরকারি প্রতিনিধি দলের ওপর গুলিবর্ষণ করে তালেবানরা। কান্দাহারের পাঞ্জাওয়ি এলাকার নাইবান ও আলেকোজাই গ্রামে প্রেসিডেন্ট হামিদ কারাজাইয়ের ভাই শাহ ওয়ালি কারাজাই ও আব্দুল কাইয়ুম কারজাই প্রতিরক্ষা, স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও গোয়েন্দা দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করার সময় তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে তালেবান জঙ্গিরা। এ সময় সরকারি প্রতিনিধিদের সঙ্গে থাকা নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তালেবানের একটি খন্ড বন্দুকযুদ্ধও হয়। এতে এক সরকারি সেনা ও এক বেসামরিক নাগরিক আহত হন। তবে কারাজাইয়ের ভাইদের কোনো আঘাত লাগেনি। ওই এলাকায় তালেবানের শক্ত অবস্থান আছে এবং এলাকাটি তালেবানের রসদ সরবরাহ পথে অবস্থিত। কান্দাহারে ১৬ বেসামরিক আফগান নিহতের ঘটনায় দায়ী মার্কিন সেনা সার্জেন্টের প্রকাশ্য বিচার দাবি করেছে আফগান তালেবানরা। রোববারের ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জালালাবাদ শহরে প্রথম প্রতিবাদ সমাবেশ হয়। কান্দাহারে ১৬ বেসামরিক আফগান নিহতের ঘটনায় দায়ী মার্কিন সেনা সার্জেন্টের প্রকাশ্য বিচার দাবি করেছে আফগান তালেবানরা। রোববারের ওই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার জালালাবাদ শহরে প্রথম প্রতিবাদ সমাবেশ হয়। হত্যাকান্ডের জন্য দায়ী যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ওই সার্জেন্টকে সম্প্রতি আফগানিস্তানে মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। মধ্যরাতে ঘাঁটি থেকে বের হয়ে হেঁটে হেঁটে কাছের একটি গ্রামে গিয়ে সে নির্বিচারে গুলিবর্ষণ করে ১৬ জন নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। মার্কিন সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাকে মোতায়েন থাকাকালে অভিযুক্ত সার্জেন্ট মাথায় গুরুতর আঘাত পেয়ে মানসিক সমস্যায় ভুগেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮১০ঘ.