নয়াদিল্লি, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০৩টি আসনের মধ্যে মাত্র ২৮টি আসনে বিজয়ী হয়েছে ভারতীয় কংগ্রেস পার্টি। নির্বাচনে গান্ধী পরিবারের বর্তমান প্রতিনিধি কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক রাহুল গান্ধী সামনে থেকে নেতৃত্ব দিলেও ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে পারেননি।
অথচ সেই ’৪৭ আগেই এই উত্তর প্রদেশ থেকেই ভারতের স্বাধীনতার প্রতীক হিসেবে গান্ধী পরিবারের উত্থান। সেই পরিবারের নবীনতম প্রতিনিধি রাহুলের উদয়াস্তু পরিশ্রমের পরও কংগ্রেসের কাঙ্খিত ফল করতে না পারাকে অনেকেই দেখছেন গান্ধী পরিবারের পতনের শুরু হিসেবে।
নির্বাচনের আগে উত্তর প্রদেশে কংগ্রেসের ভাবমূর্তি ফেরানোর অনেক চেষ্টা করেছেন রাহুল। প্রত্যন্ত গ্রামে খোলা আকাশের নীচে ঘুমিয়েছেন, গরিব গ্রামবাসীদের সঙ্গে ডাল দিয়ে রুটি ভাগাভাগি করে খেয়েছেন, এমনকি কৃষকদের বিক্ষোভে অংশ নিয়ে গ্রেপ্তারও হয়েছেন।
গত এক বছর ধরে নিজেকে গণমানুষের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন রাহুল। নির্বাচনী প্রচারণার সর্বক্ষণ সাধারণ পোশাক পরে ঘুরে বেড়িয়েছেন, সাধারণের সঙ্গে মিশে যেতে এমনকি দাড়িও কামাননি। কিন্তুগঙ্গাতীরের জনবহুল এই রাজ্য গান্ধী পরিবারের নতুন প্রতিনিধিকে বরণ করে নেয়নি।
“আমি চাই আপনাদের মতো মশারা আমাকেও কামড়াক, তাতে আমি আপনাদের যন্ত্রণা অনুভব করতে পারব,” ২’শরও বেশি নির্বাচনী সমাবেশের একটিতে বলেছিলেন ৪১ বছর বয়সী রাহুল।
কিন্তু ভোটের ফলে মানুষ তাকে দিলো অন্য যন্ত্রণা, তা ব্যর্থতার। নিবাচনী ফলাফলে রাজ্যটিতে কংগ্রেসের অবস্থান তিন দলের পর, চতুর্থ।
মা সোনিয়া গান্ধীর কাছ থেকে কংগ্রেসের দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য উত্তর প্রদেশের নির্বাচন ছিল রাহুলের জন্য একটি পরীক্ষা। ২০১৪ সালে কেন্দ্রে কংগ্রেস আবার ক্ষমতায় এলে রাহুলই হবেন প্রধানমন্ত্রী, এমনই প্রস্তুতি নিয়ে রেখেছে দলটি। কিন্তু নির্বাচনের এ ফল সবকিছুই অনিশ্চিত করে তুলেছে।
এতে রাজনৈতিক আদর্শ ও আস্থাহীন গান্ধী পরিবার নির্ভর কংগ্রেস পার্টিও পড়েছে বেকায়দায়।
উত্তর প্রদেশে জয়ী হয়েছে সমাজবাদী পার্টি। এক সময় এ দলের নেতাদের আওয়াজ উত্তর প্রদেশের গন্ডি ছাড়াতো না। আজ তারাই ভোটারদের কাছের মানুষ।
আগে স্থানীয় বিভিন্ন ইস্যুতে উত্তর প্রদেশ কংগ্রেসের সঙ্গে স্থানীয় রাজনৈতিক দলগুলোর যোগাযোগ ছিল এবং তাতে কংগ্রেস কিছুটা সমীহও পেত। কিন্তু রাহুল উত্তর প্রদেশে কংগ্রেসের নির্বাচনী দায়িত্ব গ্রহণ করার পর তা লোপ পায়। এরপর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার মতো নেতৃত্বের যোগ্যতা দেখাতেও ব্যর্থ হন রাহুল। এতে প্রদেশটির কংগ্রেস পার্টি গভীর সঙ্কটে পড়েছে।
“কংগ্রেস পার্টির অবক্ষয় শুরু হয়েছে,” সোনিয়া গান্ধীর জীবনী লেখক রশিদ কিদওয়াই বলেন, “কংগ্রেসের সমস্যা হচ্ছে তারা গান্ধী পরিবারের বাইরে কোনো নেতা খোঁজে না। পার্টির কোনো পরামর্শক পরিষদও নেই, নেই বড় কোনো লক্ষ্যও।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৯১৫ঘ.
bdnews24