২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার পূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনবিরোধী বিক্ষোভ

লিবিয়ার কেন্দ্রীয় শাসনের বাইরে গিয়ে তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ করেছে লিবিয়ার হাজার হাজার মানুষ। লিবিয়ার সবচেয়ে বড় দুটি শহর ত্রিপোলি ও বেনগাজিতে এ বিক্ষোভ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 08:22 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ত্রিপোলি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার কেন্দ্রীয় শাসনের বাইরে গিয়ে তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলে স্বায়ত্বশাসনের ঘোষণার বিরুদ্ধে বিক্ষোভ করেছে লিবিয়ার হাজার হাজার মানুষ। লিবিয়ার সবচেয়ে বড় দুটি শহর ত্রিপোলি ও বেনগাজিতে এ বিক্ষোভ হয়। শুক্রবার জুমার নামাজের ভাষণে ধর্মীয় নেতারা স্বায়ত্বশাসন ঘোষণার বিরুদ্ধে হুঁশিয়ারি জানিয়ে বলেন, এ পরিকল্পনা লিবিয়াকে টুকরো টুকরো করে ফেলবে। নামাজের পর ওই শহর দু’টির হাজার হাজার মানুষ স্বায়ত্বশাসন পরিকল্পনার বিরুদ্ধে স্লোগান দিয়ে শহরের কেন্দ্রীয় চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে। চলতি সপ্তাহে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির নাগরিক সমাজের একদল নেতা ঘোষণা করেন, তারা স্বায়ত্বশাসনের ভিত্তিতে স্থানীয়ভাবে সরকার পরিচালনা করবেন। তারা ১৯৫০ সালের সংবিধান অনুযায়ী লিবিয়াকে তিনটি আধা-স্বায়ত্বশাসিত প্রদেশে ভাগ করার দাবি জানান। ওই ঘোষণার বিরোধিতা করে ত্রিপোলির শহীদ চত্বরে প্রায় ৫ হাজার মানুষ জড়ো হয়। এদের মধ্যে ১৮ বছর বয়সী তাহা বলেন, “আমরা এক দেশ থাকতে চাই। একত্রে থাকার জন্যই আমরা লড়াই করেছি। আমরা সবাই মিলে এক হয়ে দাঁড়াতে চাই ও ফেডারেলইজম প্রত্যাখ্যান করতে চাই।” ওদিকে, স্বায়ত্বশাসন পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করতে বেনগাজির স্বাধীনতা চত্বরে জড়ো হয় ৩ থেকে ৪ হাজার মানুষ। গত কয়েক মাসের মধ্যে লিবিয়ায় অনুষ্ঠিত বিক্ষোভগুলোর মধ্যে এটি অন্যতম বড় বিক্ষোভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৫ ঘ.