২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআই’র নতুন প্রধান জেনারেল জাহির উল ইসলাম

পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)’র মহাপরিচালক নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহির উল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 07:59 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ইসলামাবাদ, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)’র মহাপরিচালক নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জাহির উল ইসলাম। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাকে এ পদে নিয়োগ দেন। আগামী ১৮ মার্চ আইএসআইয়ের বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা অবসর গ্রহণ করলে সংস্থাটির দায়িত্বভার গ্রহণ করবেন জেনারেল জাহির। এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ১৫ মাস ধরে চলা উত্তেজনার মোড় ফিরিয়ে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয়েছে। জেনারেল জাহির পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ করাচি ভিত্তিক ‘ভি’ কপসের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেছেন। বিশ্লেষকরা জানিয়েছেন, জেনারেল জাহির ১৯৭৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন পান। তিনি বিভিন্ন সময় সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপালন করেন। পাকিস্তান সেনাবাহিনী প্রধান জেনারেল কায়ানির ঘনিষ্ঠ লোক হিসেবে জেনারেল জাহির পরিচিত। তবে জেনারেল সুজার বদলে অন্য কাউকে গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিতে পেরে প্রধানমন্ত্রী গিলানি স্বস্থিবোধ করছেন বলে জানা গেছে। গোয়েন্দা প্রধান হিসেবে নিজের মেয়াদ বাড়ানোর চেষ্টা করেছিলেন জেনারেল সুজা। দায়িত্বে থাকাকালে তিনি গিলানি সরকারের সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। জেনারেল সুজা ২০০৮ থেকে আইএসআই’র প্রধান হিসেবে দায়িত্বপালন করেন। আইএসআই প্রধান হিসেবে তার সময়টি ছিলো ঘটনাবহুল। এ সময় মার্কিন বাহিনীর গোপন হামলায় পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে নিহত হন বহুল আলোচিত আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন। যিনি আইএসআইয়ের প্রশ্রয়েই সেখানে লুকিয়ে ছিলেন বলে সন্দেহ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা, আফগান সীমান্তে ন্যাটো সেনা কর্তৃক পাকিস্তানী সেনা হত্যার ঘটনাসহ বিভিন্ন ঘটনার প্রত্যক্ষদর্শী সুজা পাকিস্তান সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিরাজমান টানাপোড়েনের অন্যতম নায়ক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৫ ঘ.