২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাইটানিকডুবির রাতে মাতাল ছিলেন ক্যাপ্টেন!

হিমশৈলের সঙ্গে টাইটানিকের ধাক্কা লাগার ঘণ্টাখানেক আগে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে মদ খেতে দেখেন এক যাত্রী। বিখ্যাত এই প্রমোদতরীর আটলান্টিকে তলিয়ে যাওয়ার একশ বছর পর এ অভিযোগ উঠল সেই যাত্রীর লেখা একটি চিঠিকে কেন্দ্র করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিমশৈলের সঙ্গে টাইটানিকের ধাক্কা লাগার ঘণ্টাখানেক আগে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথকে মদ খেতে দেখেন এক যাত্রী। বিখ্যাত এই প্রমোদতরীর আটলান্টিকে তলিয়ে যাওয়ার একশ বছর পর এ অভিযোগ উঠল সেই যাত্রীর লেখা একটি চিঠিকে কেন্দ্র করে। অস্ট্রেলিয়ার দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, টাইটানিকের দ্বিতীয় শ্রেণীর যাত্রী এমিলি রিচার্ডসের লেখা সেই চিঠি স¤প্র্রতি খুঁজে পাওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এমিলির অভিযোগ, হিমশৈলে ধাক্কা লাগার ঘণ্টাখানেক আগে টাইটানিকের বারে মদ পান করতে দেখা যায় ক্যাপ্টেন এডওযার্ড স্মিথকে। ইতিহাসের পাতায় অবশ্য লেখা আছে, হিমশৈলে আঘাত লাগার পর ক্যাপ্টেনকে তার কেবিনে ঘুম থেকে জাগানো হয়। পরে জাহাজ ছাড়তে অস্বীকার করেন তিনি, তলিয়ে যান টাইটানিকের সঙ্গেই। চিঠিটির লেখক এমিলি তখন ২৪। সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের ওহাইওতে স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। লাইফবোটের সাহায্যে তিনি, তার দুই ছেলে, মা এবং বোন বেঁচে যান। কিন্তু আটলান্টিকের কনকনে ঠাণ্ডা জলে আরো ১ হাজার ৫২১ জন যাত্রীর সঙ্গে নিথর হয়ে যান এমিলির ভাই জর্জ। টাইটানিক ডুবে যাওয়ার প্রায় দুদিন পরে উদ্ধারকারী জাহাজ কার্পেথিয়ায় করে নিউ ইয়র্কে ফেরার সময় শাশুড়িকে ওই চিঠি লেখেন এমিলি। এতে তিনি বলেন, “রোববার রাত ১১টায় বিশাল হিমশৈলের সঙ্গে ধাক্কা লাগল আমাদের জাহাজের। অন্য আরেক জনকে দায়িত্বে বসিয়ে ক্যাপ্টেন বারে মদ খাচ্ছিলেন। ক্যাপ্টেনেরই দোষ। যতদূর জানি জর্জ তলিয়ে গেছে।” এতোদিন ধরে সবাই জানতো, ১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে প্রথম শ্রেণীর রেস্তোরাঁয় একটি নৈশভোজে ছিলেন ৬২ বছর বয়স্ক ক্যাপ্টেন। এরপর তিনি নিজের কেবিনে ঘুমাতে যান। ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্ঠান ‘হেনরি অলরিজ অ্যান্ড সন’ এমিলির ওই চিঠি নিলামে তুলছে ৩১ মার্চ। এদিকে টাইটানিক বিশেষজ্ঞ উনা রেইলি প্রশ্ন তুলছেন- এমিলি রিচার্ডসের বক্তব্য যদি সত্যি হয়, তাহলে সেই সময়ই তিনি কেন তা জানাননি? রেইলির মতে, “হয়তো ক্যাপ্টেন বারে গিয়েছিলেন। তার মানেই কি তিনি মদ খাচ্ছিলেন?” “আমি এর আগে কখনোই ক্যাপ্টেন স্মিথ সম্পর্কে এ ধরনের অভিযোগ শুনিনি”, যোগ করেন এই বিশেষজ্ঞ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১৩১৩ ঘ.