সাংহাই, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনের জিনজিয়াং প্রদেশের দূর পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন বোমা প্রস্তুতকারী ৪ ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে চীনা পুলিশ।
শনিবার স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক ‘মুক্ত এশিয়া’ বেতারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
বাড়িতে বোমা তৈরির সময় আহত এক ব্যক্তির সূত্র ধরে বৃহস্পতিবার ভোররাতে একটি কৃষি খামারে অভিযান চালায় পুলিশ। সেখানে সন্দেহভাজন ওই ব্যক্তিরা পুলিশের গুলিতে নিহত হয়।
পুলিশ সেখান থেকে ২১ সন্দেহভাজনকে আটক করেছে। অভিযান পরিচালনার সময় এক সন্দেহভাজন ব্যক্তির কুড়ালের কোপে এক পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে মুক্ত এশিয়া বেতার।
জিনজিয়াংয়ে সহিংসতা চালানোর জন্য চীন প্রদেশটির উইগুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করে আসছে। জিনজিয়াংয়ে পূর্ব তুর্কিস্থান নামের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উইগুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা আন্দোলন করছে।
জিনজিয়াংয়ে সহিংসতার জন্য পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত মুসলিম জঙ্গিদেরও দায়ী করেছেন কিছু চীনা কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১০ ঘ.
bdnews24