ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সবচেয়ে বড় ইসলামিক জঙ্গি সংগঠন আহলে সুন্নাহ ওয়াল জামায়াতকে নিষিদ্ধের আদেশ জারি করেছে দেশটির সরকার।
দুই সপ্তাহ আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগে এ সংক্রান্ত নির্দেশ পাঠানো হলেও বিষয়টি সম্পর্কে জনসমক্ষে কোনো ঘোষণা দেওয়া হয় নি।
আদেশে বলা হয়, ‘সন্ত্রাসবাদের উদ্বেগ’র জন্য এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী রহমান মালিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় নি।
আহলে সুন্নাহ ওয়াল জামাত গ্রুপের প্রধান মওলানা মোহাম্মদ আহমদ লুধিয়ানভি নিষেধাজ্ঞা আরোপকে ‘হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন।
বিবিসিকে তিনি জানান, সরকারি আদেশের বিরুদ্ধে আদালতে যাবেন তারা।
সংগঠনের প্রধান বলেন, “আমেরিকা ও আমেরিকার পক্ষ অবলম্বনকারীরা সংগঠনের কার্যক্রমে ভীত হয়ে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।”
কখনই এটা হতে দেবেন না উল্লেখ করে তিনি বলেন, “যারা নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা মূলত পাকিস্তানের ওপর নিজেদের ইচ্ছাই চাপিয়ে দিচ্ছে।”
আল কায়েদাপন্থী এই সংগঠনটি সিপাহ-ই-সাহাবা (এসএসপি) নামেই পরিচিত। এই সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে শত শত শিয়া মুসলিমকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, নিরাপত্তা বাহিনী ও দূতাবাসগুলোও তাদের হামলা শিকার হয়েছে।
ডিফেন্স অব পাকিস্তান কাউন্সিল (ডিফা) জানায়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের পরিসমাপ্তির আহ্বান জানাতে চরমপন্থী সংগঠনগুলোর জোট তৈরিতে এসএসপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এর আগে ২০০২ সালে প্রেসিডেন্ট পারভেজ মোশাররফও এ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন।
এরপর সংগঠনের কর্মীরা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর জন্য গোপনে অন্যান্য জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৪ ঘ.
bdnews24