২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনানের আহ্বান প্রত্যাখ্যান সিরীয় বিদ্রোহীদের

সিরিয়ার সহিংসতা বন্ধে কফি আনানের প্রস্তাবিত আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির সরকারবিরোধী পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 06:29 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

কায়রো/বৈরুত, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার সহিংসতা বন্ধে কফি আনানের প্রস্তাবিত আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে দেশটির সরকারবিরোধী পক্ষ। বৃহস্পতিবার দামেস্ক যাত্রার প্রাক্কালে সিরিয়ার সমস্যা রাজনৈতিক ভাবে সমাধান করার লক্ষ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও বিদ্রোহীদের প্রতি আলোচনার আহ্বান জানানোর পরিকল্পনার কথা জানান জাতিসংঘ-আরব লিগের নিয়োগ পাওয়া কফি আনান। শনিবার কায়রো থেকে দামেস্ক যাওয়ার কথা রয়েছে জাতিসংঘের সাবেক মহাসচিব, শান্তিতে নোবেলজয়ী আনানের। আনান বলেন, “হত্যাকাণ্ড বন্ধ হওয়া উচিত এবং যথার্থ সংস্কার ও সামনে এগোনোর পথ খোঁজা প্রয়োজন।” কিন্তু তার এ বক্তব্যে বিদ্রোহীদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে। তারা জানায়, সরকারের দমনাভিযানে আলোচনার উদ্দেশ্য নষ্ট হয়েছে। হোমস শহরে হাদি আব্দুল্লাহ নামের এক বিদ্রোহী বলেন, “ট্যাঙ্ক দিয়ে আমাদের শহরে গোলা হামলা চালানো হচ্ছে, নারী ও শিশুদের গুলি করা হচ্ছে এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা ও পানি সরবরাহ বন্ধ করে সরকার সারা বিশ্ব থেকে সিরিয়ায় অনেক এলাকাকেই বিচ্ছিন্ন করে ফেলেছে। এরকম একটা মুহূর্তে যে কোনো ধরনের সংলাপ প্রত্যাখ্যান করছি আমরা।” অপর এক বিদ্রোহী রয়টার্সকে জানান, সংলাপের জন্য আনানের এ আহ্বান অনেকটাই ‘বাশারের প্রতি চোখ টেপা’র মতো বিষয় যা কেবল ‘আন্দোলন দমনে’ উৎসাহিত করবে তাকে। এদিকে, পৃথক এক মিশনে সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভ্যালেরি আমোস জানান, হোমস শহরের বাবা আমর জেলার ‘ধ্বংসস্তুপ’ দেখে ‘হতবাক’ হয়েছেন এবং এর অধিবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান তিনি। সরকার হামলা চালানোর পর থেকে বাবা আমরে সফরকারী আমোসই হলেন প্রথম ঊর্ধ্বতন পররাষ্ট্র কর্মকর্তা। দামেস্কতে সরকারি বাহিনী এখনও বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রেখেছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী, এক বছর ধরে চলা প্রেসিডেন্ট আসাদবিরোধী আন্দোলনে সাড়ে ৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২১৮ ঘ.