ওয়াশিংটন, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় এ মুহূর্তে কোনো সামরিক ব্যবস্থা নেওয়া যুক্তরাষ্ট্রের উচিত না বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লিও পানেত্তা।
সিরিয়া সঙ্কট সামাল দিতে পানেত্তা সামরিক পন্থার চেয়ে বরং আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
সিনেট আমর্ড সার্ভিসেস কমিটিতে পানেত্তা বলেন, সিরিয়া সঙ্কট সামাল দিতে কী ব্যবস্থা আমাদের নেওয়া উচিত সে ব্যাপারে একটি আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলার চেষ্টা করাটাই এ সময় করণীয়। এটাই সবচেয়ে বেশি কাজে আসবে। কিন্তু এ মুহূর্তে একতরফাভাবে কোনো সামরিক ব্যবস্থা কাজে আসবে না।
তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে আমি আমাদের সন্তানদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার সুপারিশ করার আগে বলব, আমাদেরকে আগে জানতে হবে আমাদের মিশনটা কি। তারপর আরো যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সে মিশনে আমরা সফল হবো কিনা সে নিশ্চয়তা পাওয়া।
তিনি আরো বলেন, মিশনে আমাদেরকে কি পরিমাণ মূল্য দিতে হবে সে বিষয়টির পাশাপাশি এর ফল ভালো না খারাপ হবে সে বিষয়গিুলোও আমাদেরকে হিসাব নিকাশ করে দেখতে হবে।
কিন্তু ওবামা প্রশাসন সামরিক শক্তি প্রয়োগের পথে যেতে দেরী করলে লড়াইবিক্ষুব্ধ সিরিয়ায় আরো মানুষের মৃত্যু ঘটবে বলে সমালোচনায় মুখর আইনপ্রণেতারা। এ সমালোচনা উপেক্ষা করেই পানেত্তা বুধবার এ বক্তব্য রাখেন।
তবে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নাকচ করেননি তিনি। সিনেট প্যানেলকে পানেত্তা এবং সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল মার্টিন ডেম্পসে বলেন, সিরিয়ায় সামরিক হামলার একেবারে প্রারম্ভিক পর্যায়ের পরিকল্পনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২৩ঘ.
bdnews24