পাকিস্তান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতি মামলা পুনরুজ্জীবিত করতে সুইজারল্যান্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট।
পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলার তোড়জোড়ের মূলে রয়েছে জারদারির এই মামলা।
প্রেসিডেন্ট হিসাবে জারদারির আইনি ছাড় আছে দাবি করে গিলানি তার বিরুদ্ধে দুর্নীতি মামলা চালু করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। জারদারি বলছেন, এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
কিন্তু ২১ মার্চের মধ্যেই সরকারকে মামলা পুনরুজ্জীবিত করার নির্দেশ মেনে রিপোর্ট দাখিল করতে বলেছে আদালত।
এর আগে আদালতের নির্দেশানুযায়ী জারদারির বিরুদ্ধে ওই মামলা চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় ইতোমধ্যেই শুনানির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। তবে অপাতত শুনানি ২১ মার্চ পর্যন্ত স্থগিত রয়েছে।
বিবিসি জানায়, ওই দিন দুটি বিষয় নিয়েই আদালতে শুনানি হবে। প্রধানমন্ত্রীর বিররুদ্ধ অভিযোগ প্রমাণিত হলে তার কারাদন্ডসহ প্রধানমন্ত্রীত্ব খোয়াতে হতে পারে তাকে।
উল্লে¬খ্য, ২০০৩ সালে ক্ষমতাসীন অবস্থায় আসিফ আলি জারদারি ও তার স্ত্রী বেনজির ভুট্টোকে লাখ লাখ ডলার অর্থ আত্মস্যাতের অভিযোগে দোষী সাব্যস্ত করে সুইজারল্যান্ডের আদালত।
এরপর ২০০৮ সালে জারদারির পাকিস্তান পিপলস পার্টির অনুরোধে এ মামলা মুলতবি করে সুইস কর্তৃপক্ষ।
এরপর আবার তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ওই একই বছর পাকিস্তানের রাজনীতিকদের সব মামলা থেকে অব্যাহতি দিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
২০০৯ সালে ওই সাধারণ ক্ষমা অবৈধ ঘোষণা করে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৮ঘ.
bdnews24