অসলো, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নরওয়েতে বোমা ও বন্দুক হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যার ঘটনায় আত্মস্বীকৃত খুনী আন্দ্রে ব্রেইভিকের বিরুদ্ধে বুধবার সন্ত্রাস ও পূর্বপরিকল্পিত হামলার অভিযোগ গঠন করা হয়েছে।
আগামী মাসে ব্রেইভিকের বিচার করার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। ১৬ এপ্রিলে তার বিচার শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্রেইভিকের মানসিক অসুস্থতার কথা বিবেচনা করে তাকে জেলের পরিবর্তে মানসিক চিকিৎসাধীনে রাখা হতে পারে বলে আভাস দিয়েছেন কৌসুলিরা।
নরওয়ের সন্ত্রাস বিরোধী আইনের একটি ধারায় ব্রেইভিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এ অভিযোগ পড়ে শোনাতে অসলোর কারাগারে যান তার আইনজীবীরা।
অভিযোগ পড়ে শোনানোর সময় ব্রেইভিক শান্তই ছিলেন বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র তোরে জো নিলসন। অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২১ বছরের কারাদণ্ড হতে পারে।
৩৩ বছর বয়স্ক ব্রেইভিক গত বছর জুলাইয়ে অসলোয় সরকারি ভবনে বোমা হামলা চালিয়ে ৮ জনকে হত্যার পর উটোইয়া দ্বীপে লেবার পার্টির যুব সমাবেশে বন্দুক হামলা চালিয়ে ৬৯ জনকে হত্যার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০০৩ঘ.
bdnews24