২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘উন্নয়নের ধীরগতিই ফুকুশিমা বিপর্যয়ের কারণ’

২০১১ সালে জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পেছনে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে উন্নয়নে যে ধীরগতি, তাকেই দায়ী করেছেন এক মার্কিন বিশেষজ্ঞ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 08:01 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

টোকিও, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালে জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পেছনে দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে উন্নয়নে যে ধীরগতি, তাকেই দায়ী করেছেন এক মার্কিন বিশেষজ্ঞ। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক রিচার্ড স্যামুয়েলস বলেন, এ পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তা দেখে ধরে নেওয়া যায়, যতো বেশি উন্নয়নের কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে ততোটা উন্নয়ন হয়নি। ২০১১ সালের ১১ মার্চ জাপানে ৮ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও তার প্রভাবে সৃষ্ট সুনামিতে জাপানে প্রায় ২০ হাজার মানুষ নিহত হয়। আরো ছয় হাজারের বেশি মানুষ আহত হয়। এ ভূমিকম্পের ফলে জাপানের ফুকুশিমায় চারটি পারমাণবিক শক্তি কেন্দ্রের চুল্লীগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিশাল এলাকাজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এ দুর্যোগের প্রায় তিন মাস পরে দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের উদ্দেশ্যে জাপানে যান স্যামুয়েলস। এই দীর্ঘ পর্যবেক্ষণ ও গবেষণার ফলাফল নিয়ে ‘রিবার্থ অব এ নেশন’ নামের একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তিনি। সরকারের বিশাল পরিমাণের ঋণের বোঝা নিয়ে জাপানের পার্লামেন্টে মূলধারার দলগুলোর মধ্যে মতবিরোধ এবং প্রধানমন্ত্রির বিরোধিতা করার সংস্কৃতির মুখে গত পাঁচ বছরে ছয়বার প্রধানমন্ত্রী বদলেছে দেশটি। বির্পযয়ের পরে গত এক বছরে এ অবস্থা কিছুটা বদলালেও উন্নয়নের ক্ষেত্রে জাপান সরকার তাদের ‘ধীরে চলো’ নীতি খুব বেশি বদলাবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩৫৩ ঘ.