২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দূরে ঠেলে দাড়ি!

বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ? দাড়ি কামিয়ে পরিপাটি হয়ে যান। কারণ নতুন এক গবেষণায় দেখা গেছে, দাড়িওয়ালা পুরুষদের প্রতি নারীরা তেমন আকৃষ্ট হন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2012, 06:27 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ? দাড়ি কামিয়ে পরিপাটি হয়ে যান। কারণ নতুন এক গবেষণায় দেখা গেছে, দাড়িওয়ালা পুরুষদের প্রতি নারীরা তেমন আকৃষ্ট হন না। জরিপে অংশগ্রহণকারী নারীরা বলেছেন, দাড়ি থাকলে পুরুষদের বেশি বয়ষ্ক ও আগ্রাসী বলে মনে হয়। তবে যারা দাড়িতেই স্বচ্ছন্দ বোধ করেন তাদের জন্য সুখবরও আছে। দাড়িওয়ালা পুরুষদের অন্য পুরুষেরা সমীহ করে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’। ‘বিহেভিয়্যারাল ইকোলজি’ নামের একটি সাময়িকীতে প্রকাশিত এ গবেষণা প্রবন্ধটিকে প্রতিবেদন আকারে প্রকাশ করেছে ভারতের ইংরেজি দৈনিকটি। এ গবেষণার জন্য নিউজিল্যান্ড ও সামোয়ার ১৯ জন স্বেচ্ছাসেবকের দাড়ি ছাড়া এবং ৬ সপ্তাহের দাড়ি রাখা অবস্থায় আলাদাভাবে ছবি তোলা হয়। এরপর ২০০ নারীকে ছবিগুলো দেখিয়ে জানতে চাওয়া হয়- কে কতোটা আকর্ষণীয়। তাদের দেওয়া নম্বরের ভিত্তিতেই তৈরি করা হয় গবেষণা প্রতিবেদন। এতে দেখা যায়, অংশগ্রহণকারী নারীরা ‘ক্লিন-শেভড’ মুখগুলোকেই বেশি নাম্বার দিয়েছেন। এর ভিত্তিতে গবেষকরা বলছেন, নারীর চোখে দাড়িওয়ালাদের চেয়ে পরিপাটি পুরষই বেশি আকর্ষণীয়। তবে অন্য পুরুষদের মধ্যে একই জরিপ চালিয়ে দেখা গেছে- দাড়িসহ পুরুষদের বেশি বয়ষ্ক এবং রাগী বলে মনে করেছেন তারা। তবে নারী-পুরুষ দুপক্ষই স্বীকার করেছে, দাড়ি থাকলে একধরনের ব্যক্তি স্বাতন্ত্র তৈরি হয়, যা সামাজিক মর্যাদা বাড়ায় এবং এ ধরনের পুরুষ অন্যদের চোখে প্রায়ই ‘শ্রদ্ধার পাত্র’ হিসেবে বিবেচিত হন। ক্যানাডার লেথব্রিজ বিশ্ববিদ্যালয়ের পল ভাসের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/সিআর/১২১৮ঘ.