ওহাইও, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে মঙ্গলবার শুরু হয়েছে সুপার টিউসডের ভোট। ওহাইয়ো অঙ্গরাজ্যে প্রতিপক্ষ রিক সান্তোরামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি হয়েছেন মিট রমনি। (আরো তথ্যসহ)
ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর মিট রমনি গত পাঁচটি বাছাই প্রতিযোগিতায় জয়ী হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায়ও জয়ের আশা ধরে রেখেছেন।
কিন্তু তার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন একজনই, তিনি পেনসিলভেনিয়ার সাবেক সিনেটর রিক সান্তোরাম।
জরিপে দেখা গেছে, ওহাইওয় সান্তোরামের সঙ্গে রমনির ব্যবধান কমে দুজনেই প্রায় সমান সমান অবস্থানে চলে এসেছেন। আর তাই এ অঙ্গরাজ্যে দুজনের মধ্যে প্রতিযোগিতা হবে তীব্র।
মনোনয়নের দৌড়ে আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন হাউজ অব রিপ্রেজেনটেটিভের সাবেক স্পিকার নিউ গিংরিচ। তার নিজের অঙ্গরাজ্য জর্জিয়ায় বেশ ভাল অবস্থানে আছেন তিনি।
সুপার টিউসডেতে মোট ১০ টি রাজ্যে ভোট হবে। ওহাইও ছাড়াও জর্জিয়া, ম্যাসাচুসেটস, টেনিসি, ভারমন্ট, ভার্জিনিয়া, ওকলাহোমা, আইডাহো নর্থ ডেকোটা ও আলাস্কায় প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হবেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীরা।
ওহাইওসহ পূর্বাঞ্চলে ইতোমধ্যেই ভোট শুরু হয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
এ ১০ রাজ্যের ফলেই মূলত নির্ধারিত হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে রিপাবলিকান দলের মনোনয়ন পাচ্ছেন। অর্থাৎ, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার প্রতিদ্বন্দ্বী কে হবেন তা মোটামুটি পরিস্কার হয়ে যাবে এ থেকেই।
সুপার টিউসডে’র আগে বার্তা সংস্থা এপি জানায়, মিট রমনি ২০৩ জন প্রতিনিধি নিয়ে এগিয়ে আছে। অন্যদিকে, সান্তোরমের ৯২, গিংরিচের ৩৩ এবং পলের ২৫ জন প্রতিনিধি আছেন।
আগস্টের পার্টি কনভেনশনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে ১ হাজার ১৪৪ জন প্রতিনিধি নিশ্চিত করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫১ঘ.
bdnews24