তেহরান, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের গুপ্তচর হিসেবে অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড বাতিল করেছে ইরানের সর্বোচ্চ আদালত। অভিযুক্ত আমির মিরজাই হেকমাতি একজন ইরানি বংশোদ্ভূত সাবেক ইউএস মেরিন সদস্য।
সোমবার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বাতিল করেছে এবং মামলাটি পুনঃতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইরানের প্রসিকিউটর জেনারেল গোলাম হোসেন মোহসেনি ইজেই।
তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলেন নি বলে জানিয়েছে আইএসএনএ।
অভিযুক্ত হেকমাতি এক অভিবাসী ইরানি পরিবারে জন্মগ্রহণ করেন। গত ৯ জানুয়ারি তেহরানের ‘রেভ্যুলুশনারি কোর্ট’ ২৮ বছর বয়সী হেকমাতিকে মৃত্যুদণ্ড দেয়।
দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, ইরানের নাগরিকত্বধারী হেকমাতির বিরুদ্ধে ‘প্রতিপক্ষকে সহায়তা করা, সিআইএ’র সদস্যপদ থাকা এবং ইরানে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া’ ইত্যাদি অভিযোগ আনা হয়। তবে ইরান দ্বৈত নাগরিকত্বের স্বীকৃতি না দেওয়ায় একজন ইরানি হিসেবেই তার বিচার সম্পন্ন করা হয়।
গত ডিসেম্বর মাসে ইরানের রাষ্ট্রায়াত্ব টেলিভিশনে ফার্সি ও ইংরেজি মিশ্রিত এক বিবৃতিতে হেকমাতি বলেন, তিনি সিআইএর’র একজন সক্রিয় সদস্য হিসেবে নিযুক্ত ছিলেন এবং ইরানের নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য সংগ্রহের জন্য গুপ্তচর হিসেবে কাজ করছিলেন।
কর্মকর্তারা জানান, প্রতিবেশী দেশ আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর বাগরাম ঘাঁটিতে হেকমাতিকে দেখে ফেলেন ইরানি চরেরা।
তবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী হেকমাতির পরিবার জানায়, ইরানে নিজের দাদির সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন হেকমাতি। সে গুপ্তচর নয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৩২ ঘ.
bdnews24