২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকল্যান্ড যুদ্ধ নিয়ে আর্জেন্টিনায় জাদুঘর

১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ডের সাথে যুদ্ধে নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করতে যাচ্ছে আর্জেন্টিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 06:39 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ইংল্যান্ডের সাথে যুদ্ধে নিহত সেনাদের প্রতি সম্মান জানিয়ে জাদুঘর প্রতিষ্ঠা করতে যাচ্ছে আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্দান্দেজের বরাত দিয়ে বিবিসি এ খবর জানায়। প্রায় ২ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিতব্য এই জাদুঘরটি ২০১৩ সালের অগাস্টে উদ্বোধন করা হবে বলে জানান ক্রিশ্চিনা। নৌবাহিনীর সাবেক একটি স্কুলে জাদুঘরটি প্রতিষ্ঠার স্থান নির্ধারণ করা হয়েছে। এই স্কুলটি ১৯৭৬-৮৩ সাল পর্যন্ত আর্জেন্টিনায় সেনা শাসন চলাকালে বন্দিশালা হিসেবে ব্যবহৃত হতো। জানা গেছে, ফকল্যান্ড দ্বীপকে কেন্দ্র করে যুদ্ধের বর্ষপূর্তিতে এ দ্বীপটির প্রতি আবারো নিজেদের দাবি জানাবে আর্জেন্টিনা। গত সপ্তায় প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্দান্দেজ বলেন, ওই দ্বীপের সাথে বিমান চলাচলের ব্যাপারে চুক্তি করতে আবারো সমঝোতা চান তিনি। বর্তমানে দক্ষিণ আমেরিকার দেশ চিলি থেকে ফকল্যান্ডে সপ্তাহে একটি ফ্লাইট চালু রয়েছে। এদিকে, আর্জেন্টিনার কলকারখানা বিষয়ক মন্ত্রী দেশটির কোম্পানিগুলোর প্রতি ব্রিটেন থেকে কোনো পণ্য না কেনার আহ্বান জানিয়েছেন। ব্রিটেন জানিয়েছে, ফকল্যান্ডের অধিবাসীরা দীর্ঘ সময় ধরে ব্রিটিশ হিসেবেই আছে এবং তারা তাই থাকতে চাইছে। ফলে এর সার্বভৌমত্ব নিয়ে আলোচনার কিছু নেই। আগামী ২ এপ্রিল ব্রিটেন ও আর্জেন্টিনা উভয় রাষ্ট্রই ফকল্যান্ড যুদ্ধের ৩০ বছর পূর্তি পালন করবে। ওই দ্বীপটিতে আর্জেন্টিনার বাহিনী আগ্রাসন চালালে ব্রিটিশ টাস্কফোর্স আর্জেন্টাইন বাহিনীর বিরুদ্ধে জয় লাভ করে। যার মধ্যদিয়ে ওই যুদ্ধের সমাপ্তি ঘটে। ওই যুদ্ধে আর্জেন্টিনার ৬৪৯ সেনা ও ২৫৫ ব্রিটিশ সেনা প্রাণ হারায়। এতে ফকল্যান্ডের ৩ অধিবাসীও মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২৯ ঘ.