মস্কো, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে সোমবার বিক্ষোভের ডাক দিয়েছে বিরোধীরা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভকেই স্বাভাবিক বলে মনে করছেন নির্বাচন পর্যবেক্ষকরা।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন স্পষ্টতই ভাদিমির পুতিনের অনুকূলে গেছে। এর ফলে তার শাসনের বৈধতা নিয়ে বিরোধীরা রাস্তায় নামতেই পারে।
এছাড়া, বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে নির্বাচন নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছে ইউরোপের ‘অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশন’।
পর্যবেক্ষক সংস্থা ওএসসিই জানিয়েছে, গণমাধ্যমগুলো সরাসরি পুতিনের পক্ষে কাজ করেছে এবং তার প্রয়োজনে রাষ্ট্রীয় সম্পদেরও ব্যবহার হয়েছে।
পর্যবেক্ষক টোনিনো পিচুলা বলেছেন, “নির্বাচনের ফল অনিশ্চিত থাকারই কথা। কিন্তু রাশিয়ায় তা হয়নি। আমাদের মূল্যায়নে এ নির্বাচন সুষ্ঠু নয়।”
ফলে নির্বাচনে অনিয়মের অভিযোগ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন পর্যবেক্ষকরা।
ওদিকে, নির্বাচনে কারচুপির অভিযোগে মস্কোর কেন্দ্রস্থলে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ ডেকেছে বিরোধীরা।
বিরোধী সংগঠকদের একজন ও সাংবাদিক সের্গেই পার্খোমেনকো বলেন, “তিনি (পুতিন) সীমা লঙ্ঘন করতে বাধ্য করছেন। তিনি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছেন।”
ওদিকে, আবারো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিজয় উৎসব করছেন পুতিন। ক্রেমলিনের বাইরে জড়ো হওয়া উল্লে¬াসিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, এ বিজয় রাশিয়াকে শত্র“দের হাত থেকে রক্ষা করেছে।
সোমবার প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা গেছে, ৬৩ শতাংশেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেজিবির সাবেক এই চর, ভাদিমির পুতিন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কমিউনিস্ট পার্টির প্রার্থী গেন্নাদি জুগানভ পেয়েছেন ১৭ শতাংশ ভোট। আর বাকি তিন প্রার্থীর ভোটসংখ্যা ১০ শতাংশের কোঠা অতিক্রম করতে পারেনি।
ফলাফল ঘোষণার পর নির্বাচনে কারচুপির অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে নির্বাচন মেনে নেওয়া যায় না বলে মন্তব্য করেছেন জুগানভ।
তবে পুতিনের প্রচার শিবিরের প্রধান স্তানি¯¬াভ গোবোরুখিন এই নির্বাচনকে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন বলে দাবি করেছেন।
শনিবার গ্রিনিচ মান সময় ২০টায় (রাত ২টা, বাংলাদেশ সময়) রাশিয়ার পূর্বাঞ্চলীয় তুন্দ্রা এলাকা থেকে ভোট গ্রহণ শুরু হয়।
পশ্চিমাঞ্চলীয় কালিনিনগ্রাদ এলাকায় ভোট গ্রহণের পর রোববার গ্রিনিচ মান সময় ১৭টায় (রোববার রাত ১১টা, বাংলাদেশ সময়) সারাদেশে ভোটগ্রহণ শেষ হয়।
সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য পুতিন ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন নি। রাশিয়ার সংবিধান অনুযায়ী, পরপর দুইবার প্রেসিডেন্ট হওয়ার পর কেউ তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন না।
তাই ২০০৮ সাল থেকে এ পর্যন্ত নিজের মনোনীত প্রেসিডেন্ট মেদভেদেভ -এর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন পুতিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২০০৫ঘ.
bdnews24