কারাকাস, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভেনেজুয়েলায় আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযান চলার সময় ক্যান্সারের জন্য রেডিও থেরাপি নিতে হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হুগো শাভেজ।
কিউবায় থেকে শনিবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানান তিনি। রোববার এটি স¤প্রচার করা হয়।
শাভেজ বলেন, “আমি বেঁচে থাকব! আমি জয়ী হব!”
গত বছর শরীরের যে অংশে টিউমার ধরা পড়েছিলো সেই একই স্থানে সৃষ্ট একটি ক্ষতের চিকিৎসার জন্য কিউবায় রয়েছেন তিনি। গত সপ্তাহে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়।
তবে কবে দেশে ফিরবেন সে বিষয়ে কিছুই জানাননি শাভেজ।
তিনি বলেন, “শরীরের আর কোথাও ক্ষত খুঁজে পাননি চিকিৎসকরা। এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই।
“সত্যি বলতে, আমার সেরে ওঠাটা এখন নিশ্চিত ও তা দ্রুত ঘটছে।”
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট জানান, এখন রেডিও থেরাপির প্রয়োজন। তবে কতদিন এটি দিতে হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
গত ১৩ বছর ধরে প্রেসিডেন্টের দায়িত্বপালনকারী শাভেজ (৫৭) আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশা করছেন। তবে স্বাস্থ্য সমস্যার কারণে নির্বাচনের প্রচারাভিযান চালানো বা নির্বাচনে জয়ী হলে আরো ছয় বছর তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না এ বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।
শাভেজ বলেন, “যেসব ঘটনার মুখোমুখি হতে বাধ্য হচ্ছি আমরা তার জন্য আমাদের গতি কমা উচিত নয়। বরং আমাদের শক্তি, আদর্শ, বৈপ্লবিক শক্তি আরো বাড়াতে হবে।”
তিনি বিরোধী দলকে ‘বুর্জোয়া’ উল্লেখ করে জানান, গরীবদের জন্য তার গৃহীত কল্যাণকর নীতির অবক্ষয় ঘটানোই এদের লক্ষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫২৩ ঘ.
bdnews24