ওয়াশিংটন, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে হামলা চালানো নিয়ে লাগামহীন কথাবার্তা বলার ব্যাপারে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে ইসরায়েলপন্থী যুক্তরাষ্ট্রের তদবিরকারী গোষ্ঠী এআইপিএসি’র এক সভায় ওবামা এসব কথা বলেন।
ইসরায়েলের প্রতি অব্যাহত সমর্থন জানিয়ে ওবামা বলেন, ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা ঠিকমতো কাজ করতে প্রয়োজনীয় সময় অবশ্যই দেওয়া উচিত।
তবে এতেও ইরান বিষয়ে ওবামা ও নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গিতে ঐক্যমত্য প্রতিষ্ঠার কোনো লক্ষণ দেখা যায় নি।
ইরানে হামলা চালানো হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়ে উল্টো ফল ফলার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেন ওবামা। তেলের দাম বেড়ে গেলে বিশ্ব বাজারে ইরানি তেলের চাহিদা সৃষ্টি হবে যার সুযোগে ইরান নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার সুযোগ পেয়ে যাবে, বলেন ওবামা।
“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এ বিষয়ে সাফল্যের জন্য কূটনৈতিক দিক থেকে এখনো একটি সুযোগ আছে, তা হলো চাপ সৃষ্টি করা।”
“এই সমস্যাটির গুরুত্ব স্মরণ রাখতে আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি, এটি যেমন ইসরায়েলের জন্য ঝুঁকিপূর্ণ, একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্যও ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধ করা নিয়ে অতিরিক্ত লাগামহীন কথাবর্তা বলা হয়ে গেছে,” বলেন তিনি।
বাইরে থেকে দেখতে গুহার মতো একটি বলরুমে অনুষ্ঠিত এআইপিএসি’র ওই সভায় ১৩ হাজার মানুষ উপস্থিত ছিল।
সোমবার ওয়াশিংটনে বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল যে কোন সময় হামলা চালাতে পারে বলে শঙ্কায় আছে যুক্তরাষ্ট্র। কিন্তু ওবামা প্রশাসন তাদের কূটনৈতিক উদ্যোগ ও প্রচেষ্টার ফলাফল না দেখা পর্যন্ত ইরানে হামলা করতে চায় না। ইসরায়েলকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
কিন্তু ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির সাফল্যে উদ্বিগ্ন হয়ে উঠেছে ইসরায়েল। তারা দরকার মনে করলে কাউকে না জানিয়েই ইরানে হামলা করবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে।
ওদিকে, নিজেদের পরামাণু কর্মসূচিকে বেসামরিক উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করেই যাচ্ছে ইরান। বিদ্যুৎ উৎপাদনের জন্য তাদের পরমাণু প্রকল্পগুলো নিয়োজিত আছে বলে জানিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৫ ঘ.
bdnews24