ওয়াশিংটন, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী মিট রমনি শনিবার ওয়াশিংটনে অনুষ্ঠিত ককাসে জয়ী হয়েছেন।
ওয়াশিংটনে রিপাবলিকান দলের ককাসে রমনি ৩৬ শতাংশ ভোট পেয়েছেন। অপর দিকে তার দুই প্রতিদ্বন্দ্বী রিক সান্তোরম ও রন পল ২৫ শতাংশ ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
গত সপ্তাহে চারটি রাজ্যে জয় পেয়েছেন রমনি। ৬ মার্চ সুপার টিউসডে তে একসঙ্গে ১০টি অঙ্গরাজ্যে মনোয়ন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে ককাসে বিজয়ের পর এক টুইটারে রমনি বলেন, “ওয়াশিংটন ককাসে জয় পেয়ে আমি খুবই খুশি। সেইসঙ্গে আজকে সমর্থন জানানোর জন্য ভোটারদের ধন্যবাদ।”
তিনি আরো বলেন, “ফলাফল থেকে প্রমাণিত হয় যে,ওয়াশিংটন কট্টরপন্থি ব্যবসায়ীকে চায়, যিনি ব্যক্তি মালিকানা খাতকে বুঝতে পারবে।”
রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোনয়ন পেতে হলে প্রার্থীদের থেকে ১ হাজার ১শ ১৪ জন প্রতিনিধি প্রয়োজন। আগামী মঙ্গলবারে ১০ টি রাজ্যে ককাস ও প্রাইমারি হতে যাচ্ছে। রাজ্যগুলোতে প্রায় ৪১৯ জন প্রতিনিধি রয়েছে।
গত সপ্তাহে ছয়টি অঙ্গরাজ্যে বিজয় ও একটিতে টাই করে ২০৩ প্রতিনিধি নিয়ে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন রমনি।
অপরদিকে, তিনটি রাজ্যে জয় ও একটিতে টাই করে ৯২ প্রতিনিধি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রিক সান্তোরম। আর সাউথ ক্যারোলাইনায় বিজয়ী হয়ে ৯২ প্রতিনিধি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন নিউ গিংরিচ।
প্রতিটি রাজ্যে ককাস ও প্রাইমারি শেষে চলতি বছর অগাস্টে রিপাবলিকান দলের সম্মেলনে সুপার ডেলিগেটসদের ভোটের পরে চূড়ান্তভাবে কোনো এক প্রার্থী মনোনয়ন পাবেন।
রিপাবলিকান দল থেকে চূড়ান্ত মনোনয়ন পাওয়া প্রার্থী ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে মোকাবেলা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০৫ঘ.
bdnews24