২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরীয় বাহিনী বীভৎস অত্যাচার করছে : বান কি মুন

সিরিয়ার হোমস থেকে বিদ্রোহীর পালিয়ে যাওয়ার পর শহরের বাসিন্দাদের ওপর সরকারী বাহিনীর নির্যাতনের খবর পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2012, 06:40 AM

Updated : 24 Aug 2022, 10:54 AM

বৈরুত/জাতিসংঘ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস থেকে বিদ্রোহীর পালিয়ে যাওয়ার পর শহরের বাসিন্দাদের ওপর সরকারী বাহিনীর নির্যাতনের খবর পাওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সিরিয়ার পরিস্থিতির নিয়ে এক প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি বলেন, “হোমসে বৃহস্পতিবার প্রচণ্ড হামলা হয়েছে। এতে বহু বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। আমরা সেখানে তাৎক্ষণিক বিচারের মাধ্যমে মৃত্যুদণ্ড, যথেচ্ছ কারাদণ্ড দেওয়ার বীভৎস নির্যাতনের তথ্য পাচ্ছি।” সিরিয়ার সরকারবিরোধী আন্দোলন দমনে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এটাই দামেস্কের বিরুদ্ধে বান কি মুনের সবচেয়ে কড়া সমালোচনা। তিনি বলেন, “দেশের আইনকানুনের দোহাই দিয়ে সরকারি বাহিনীর মাধ্যমেই এই নৃশংসতা চালানো হচ্ছে, যা আতঙ্কিত হওয়ার মতো বিষয়।” অবশ্য মহাসচিবের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ওই প্রতিবেদনের তথ্যকে ‘পুরোপুরি বিদ্বেষপূর্ণ অপপ্রচার’ বলে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফরি। তিনি বলেন, “একটি প্রতিষ্ঠিত সরকারকে কলঙ্কিত করার জন্যই এভাবে গুজবের ভিত্তিতে তৈরি প্রতিবেদনের মাধ্যমে বিদ্বেষপূর্ণ অপপ্রচার চালানো হচ্ছে।” জাফরির দাবি, সিরিয়া সম্পর্কে সঠিক তথ্য জাতিসংঘ মহাসচিবকে জানানো হয়নি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধীদের ব্যাপারে নিয়ে সিরিয়া সরকারের দীর্ঘদিনের অভিযোগগুলোরও পুনারাবৃত্তি করেন তিনি। সরকারি বাহিনীর টানা ২৬ দিনের হামলা প্রতিরোধের পর আসাদবিরোধী ফ্রি সিরিয়ান আর্মির সদস্যরা গত বৃহস্পতিবার তাদের হোমস শহরের ঘাঁটি ছেড়ে চলে যায়। মানবাধিকার সংস্থাগুলো বলছে, শুক্রবার ওই শহরে অন্তত ১৭ জন বিদ্রোহীর লাশ পড়ে থাকতে দেখা গেছে। বিদ্রোহীদের অধিকাংশই সরে গেলেও গুলির শব্দ পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। আহতদের উদ্ধার ও জরুরি ত্রাণ তৎপরতা চালাতে আন্তর্জাতিক রেডক্রস সদস্যরা শুক্রবার বাবা আমরো জেলায় প্রবেশের চেষ্টা করলেও সিরীয় কর্তৃপক্ষ তাদের আটকে দেয়। জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমনে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে। অন্যদিকে সিরিয়া সরকারের দাবি, ‘সশস্ত্র সন্ত্রাসীরা’ এই সময়ে ২ হাজারেরও বেশি সৈন্য ও পুলিশকে হত্যা করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১২৩০ ঘ.