২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সব সমস্যার জন্য বামদের দুষবেন না’

সিপিএমের দুই নেতা নিহত হওয়ার জন্য অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে বক্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যয়ের উদ্দেশে এই কথা বলেছে কলকাতা হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 12:43 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন সমস্যার জন্য বাম ফ্রন্টকে দায়ী করে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে দিয়েছে আদালত। দুই সিপিএম নেতা হত্যার ঘটনায় শুক্রবার কলকাতা হাই কোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছে, সব সমস্যার জন্য পুরনো শাসক দল বাম ফ্রন্টকে দায়ী করবেন না। প্রদীপ তা ও কামাল জৈন নামে সিপিএমের ওই দুই নেতা নিহত হওয়ার জন্য দলটির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে বক্তব্য দিয়ে আসছেন তৃণমূল প্রধান মমতা। তবে সিপিএম বলছে, তৃণমূলকর্মীদের হামলায়ই গত মাসে বর্ধমানের ওই দুই নেতা নিহত হন। আদালত বলেছে, সব কিছুর জন্য পুরনো সরকারকে দায়ী করে বর্তমান সরকার দায় এড়াতে পারে না। ওই দুজনের হত্যাকাণ্ডের তদন্ত রাজ্য সরকারের প্রভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে বলে সিপিএমের এক নেতা নালিশ জানানোর ওপর আদালত ওই কথা বলে। আদালত এই হত্যাকাণ্ড তদন্ত সঠিকভাবে করতে ক্রিমিনাল ইনভেস্টিগেশন এজেন্সি-সিআইডিকে নির্দেশ দিয়েছে। ৩৪ বছরের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে গত বছর কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে পশ্চিমবঙ্গে ক্ষমতায় যান মমতা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৮৪০ ঘ.