২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজহারউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতের বারংবার নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় ভারতের সাবেক ক্রিকেট তারকা মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 07:29 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের বারংবার নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় ভারতের সাবেক ক্রিকেট তারকা মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি এক খবরে জানায়, বৃহস্পতিবার নয়া দিল্লির একটি আদালত এ জামিনঅযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একটি চেক প্রতারণা মামলায় আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। উত্তর প্রদেশ রাজ্যের বিধানসভার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত থাকায় আজহারউদ্দিনের আদালতে সশরীরে উপস্থিতির বিষয়ে ছাড় চেয়ে তার আইনজীবীরা আদালতে আবেদন করেন। তাদের আবেদন নাকচ করে নয়া দিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) ভিক্রান্ত ভেইড ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়কের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। এক আইনজীবী জানান, গত মাসেও একবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আজহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, সাবেক স্ত্রী সঙ্গীতা বিজলানি ও তার যৌথ মালিকানায় থাকা সাড়ে চার কোটি রূপি মূল্যের মুম্বাইয়ের একটি বাড়ি বিক্রির জন্য দিল্লির ব্যবসায়ী সঞ্জয় সোলাঙ্কির সঙ্গে চুক্তি হয়। চুক্তিমতে তার কাছ থেকে আজহারউদ্দিন দেড় কোটি রূপি নেন। কিন্তু পরে বাড়ি বিক্রির সিদ্ধান্ত পাল্টে আজহার ২০০৮ সালে দেড় কোটি রূপির একটি চেক সঞ্জয়কে দিলে ব্যাংক তা ফিরিয়ে দেয়। পরের দুই বছরে আজহারউদ্দিন একই পরিমাণ অর্থের দুটি চেক দিলে ব্যাংক তাও ফিরিয়ে দেয়। ভারতের এ ক্রিকেট তারকা বর্তমানে ক্ষমতাসীন দল কংগ্রেসের সংসদ সদস্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১২৯ ঘ.