ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মঘাতী বোমা হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আফতাব আহমেদ শেরপাও।
পাকিস্তানি দৈনিক দ্যা ডন জানায়, এই হামলায় মন্ত্রী রক্ষা পেলেও প্রাণ হারিয়েছেন এক পুলিশ সদস্য ও পাঁচ বছর বয়সি একটি শিশু। আহত হয়েছেন প্রাদেশিক পরিষদের এক সদস্যসহ ছয় জন।
শনিবার পাকিস্তানের খাইবার এলাকার শবকদর তেহশীলের কানগ্রা গ্রামের কাছে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। পার্লামেন্ট সদস্য আফতাব ওই এলাকায় এক জনসভায় যোগ দিতে গিয়েছিলেন।
২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আফতাব শেরপাও। এক সময়ের পিপলস পার্টি নেতা পরে আলাদা দল গড়েন। পাকিস্তান পিপলস পার্টির (শেরপাও) দলের প্রধান তিনি।
বাটগ্রামে একটি জনসভা শেষে ফিরছিলেন আফতাব শেরপাও এবং তার ছেলে খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পরিষদের সদস্য সিকান্দর শেরপাও।
আফতাবের সঙ্গে থাকা পুলিশ বহরের কর্মকর্তা সাঈদ গুল সাংবাদিকদের বলেন, ওই সময় গায়ে শাল জড়ানো এক যুবক তার গাড়িবহরের কাছে এসে শরীরে বাঁধা বোমার বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে আফতাবকে বহনকারী গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তিনি রক্ষা পান। তবে সিকান্দর সামান্য আহত হয়েছেন বলে পুলিশ জানায়।
ঘটনাস্থল থেকে হামলাকারীর মাথার খুলির একটি অংশ ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২০০ ঘ.
bdnews24