বৈরুত, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী হোমসের বাবা আমরো এলাকায় হামলার ২৬ দিন পর সেখান থেকে বৃহস্পতিবার বেশির ভাগ বিদ্রোহী সরে গেছে।
বিদোহী কমরেডদের কৌশলে রণক্ষেত্র থেকে সরে যেতে সহায়তা করার জন্য কিছু যোদ্ধা সেখানে রয়ে গেছে বলে জানিয়েছে আসাদ বিরোধীরা।
বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে তারা।
দামেস্কর ঘনিষ্ঠ এক লেবানিজ কর্মকর্তা বলেছেন, “আসাদ সরকার হোমসের নিয়ন্ত্রণ নিতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা এ শহর পুনর্দখল করতে মরিয়া, এর মূল্য যাই হোক না কেনো।”
তিনি বলেন, হোমসে বিদ্রোহীদের পরাজয় ঘটলে সিরিয়ায় তাদের আর কোনো শক্ত ঘাঁটি থাকবে না। ফলে আসাদের জন্য সংকট সামাল দেওয়া সহজ হয়ে যাবে।
সিরিয়ার নির্বাসনে থাকা বিরোধী শিবির সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) বলেছে, তারা একটি সামরিক ব্যুরো গঠন করেছে। আসাদ বিরোধী সশস্ত্র গ্র“পগুলোকে সংগঠিত এবং তদারক করার জন্যই এ ব্যুরো গঠন করা হয়েছে।
সিরিয়ায় সব সশস্ত্র বাহিনীর সর্বসম্মতিতেই তৈরি হয়েছে এই মিলিটারি ব্যুরো। এসএনসি নেতা বুরহান ঘালিউম প্যারিসে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা একটি প্রতিরক্ষামন্ত্রণালয়ের মতোই কাজ করব।
হোমসে বিদ্রোহীদের ঘাঁটি নির্মূলে বৃহস্পতিবারও মারমুখী অভিযান চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের এলিট বাহিনী।
বিদ্রোহীদের প্রতিরোধ ভেঙে বৃহস্পতিবার সিরিয়ার হোমস শহরে প্রবেশ করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত এলিট বাহিনী।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এ এলাকায় অব্যাহত অবরোধ ও গোলাবর্ষণের পর বিদ্রোহীদের ওপর এটাই চূড়ান্ত হামলা।
হোমসে হামলায় কয়েকশ’ বেসামরিক লোক নিহত হয়েছে। আর গত ৪ ফেব্রুয়ারি থেকে বাবা আমরোতে গোলা ও রকেট হামলা হচ্ছে।
তবে সিরিয়ায় গণমাধ্যমের ওপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা থাকায় এসব তথ্যের যথার্থতা যাচাই করা সম্ভব হচ্ছে না।
৪৭ জাতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ সিরিয়ার এ বেপরোয়া হামলার নিন্দা জানিয়ে প্রস্তাবনা পাস করেছে। তবে রাশিয়া, চীন ও কিউবা এ প্রস্তাবনায় ভেটো দিয়েছে।
ওদিকে হোমসে আটকে পড়া বেসামরিক জনগণকে নিয়ে পশ্চিমা ও আরব দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যেই তারা আসাদের পদত্যাগ ও রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২৩৪২ঘ.
bdnews24