২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাকিস্তানে ক্ষমতা দখলের পরিকল্পনা ছিল ব্রিগেডিয়ার খানের’

দেশের শীর্ষ সামরিক কমান্ডারদের বৈঠক চলাকালে বোমা মেরে সেনা সদরদপ্তর উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ব্রেগেডিয়ার আলি খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 09:33 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

করাচি, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শীর্ষ সামরিক কমান্ডারদের বৈঠক চলাকালে বোমা মেরে সেনা সদরদপ্তর উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ব্রেগেডিয়ার আলি খান। বৃহস্পতিবার বিবিসির উর্দু সার্ভিস এ খবর দিয়েছে বলে শুক্রবার জানিয়েছে দ্য ডন। বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতার দায়ে সামরিক আদালতে ব্রিগেডিয়ার আলি খানের বিচার চলছে। বিচারে তার বিরুদ্ধে উপরোক্ত সাক্ষ্য দেন পাকিস্তান সেনাবাহিনীর মেজর সোহাইল আকবর। আদালতে প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে মেজর সোহাইল বলেন, “ ব্রিগেডিয়ার খান এফ-১৬ জঙ্গি বিমান ব্যবহার করে সেনা সদরদপ্তরে বোমা বর্ষণের জন্য বিমান বাহিনীর এক পাইলটকে প্ররোচিত করেন।” পাশাপাশি তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনাও করেন বলে জানান সোহাইল। এছাড়া, পাকিস্তানে থাকা যুক্তরাষ্ট্রের সেনাদল ও যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসামরিক নিরাপত্তা কোম্পানি ব্ল্যাকওয়াটারের দপ্তরেও হামলার পরিকল্পনা করেছিলেন তিনি। মেজর সোহাইল আদালতকে জানান, ২০১০ এর জুলাইতে হিজবুল তাহরিরের কয়েকজন লোক তাকে ব্রিগেডিয়ার খানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। “গত সাত বছর যাবৎ আমি হিজবুল সদস্যদের চিনি।খানের সঙ্গে পরিচয়ের পর আমি তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেছি,” আদালতে দেওয়া স্বীকারোক্তিতে বলেন সোহাইল। ২০১০ সালে হিজবুল সদস্যদের সঙ্গে ওই বৈঠক চলাকালে ব্রিগেডিয়ার খানের উদ্ধৃতি দিয়ে সোহাইল জানান, “খান বলেছিলেন, সেনা প্রধান, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে হত্যার পর ক্ষমতা দখল করতে ৪০০ লোকই যথেষ্ট হবে।” “এই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত,” বৈঠকে ঘোষণা করেন ব্রিগেডিয়ার খান। পাকিস্তান সেনাবাহিনীর ১১১ ব্রিগেড ও অন্যান্য কয়েকজন জেনারেল তাদের অভ্যুত্থান প্রচেষ্টায় সমর্থন দেবেন বলে বৈঠকে ব্রিগেডিয়ার খান দাবি করেন। অভ্যুত্থান প্রচেষ্টায় প্রচুর হতাহতের সম্ভবনা অনুধাবন করে সোহাইল এই পরিকল্পনায় জড়িত থাকতে অস্বীকৃতি জানান বলে আদালতে দাবি করেন। তিনি বলেন,“সহিংসতাকে হিজবুল তাহরির হারাম বলে মনে করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৩ঘ.