বৈরুত, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে বিদ্রোহীদের ঘাঁটি নির্মূলে মারমুখী অভিযান চালিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট বাশার আল আসাদের এলিট বাহিনী। এ পরিস্থিতিতে মানবতাবিরেধী অপরাধের অভিযোগে সিরিয়ার নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।
বেসামরিক লোকজন আটকা পড়ার আন্তর্জাতিক হুঁশিয়ারি সত্ত্বেও হোমসের বাবা আমরো এলাকায় বোমা হামলা চলছে।
সারা শহর ঘন তুষারে ঢাকা পড়ায় সেনা অভিযান কিছুটা শ্লথ হয়ে পড়লেও সব মিলিয়ে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় বলে জানিয়েছে বিদ্রোহীরা।
হোমস থেকে বিদ্রোহী আবু ইমাদ জানিয়েছেন, “আমরা কয়েক বছরের মধ্যে হোমসে এমন তুষারপাত দেখিনি। বাবা আমরো ও শহরের অন্যান্য এলাকায় বোমা হামলা চলছে। কিন্তু গতকাল সেনারা আত্মরক্ষার চেষ্টা করলে যুদ্ধ অনেকটা ঝিমিয়ে পড়ে।”
তিনি জানিয়েছেন, উভয় পক্ষেই হতাহতের সংখ্যা অনেক। কিন্তু লড়াই চলতে থাকায় এবং খারাপ আবহাওয়ার কারণে এর সঠিক সংখ্যা জানা যায়নি।
বিদ্রোহীদের প্রতিরোধ ভেঙে বৃহস্পতিবার সিরিয়ার হোমস শহরে প্রবেশ করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত এলিট বাহিনী।
তিন সপ্তাহেরও বেশি সময় ধরে এ এলাকায় অব্যাহত অবরোধ ও গোলাবর্ষণের পর বিদ্রোহীদের ওপর এটাই চূড়ান্ত হামলা বলে মনে করা হচ্ছে।
বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির এক কর্মকর্তা মোহাইমেন আল-রুমেদ রয়টার্সকে বলেন, বাবা আমরো জেলায় বিদ্রোহীরা ৭ হাজারেরও বেশি সরকারি সেনার বিরুদ্ধে লড়াই করছে।
৪৭ জাতি জাতিসংঘ মানবাধিকার পরিষদ সিরিয়ার এ বেপরোয়া হামলার নিন্দা জানিয়ে প্রস্তাবনা পাস করেছে। তবে রাশিয়া, চীন ও কিউবা এ প্রস্তাবনায় ভেটো দিয়েছে।
ওদিকে, সিরিয়ায় বিদ্রোহীরা যেকোন স্থানে আরো বেশি করে হামলা চালানোর অঙ্গীকার করেছে।
বিদ্রোহীরা জানায়, হোমস জেলায় কয়েকশ’ বেসামরিক লোককে হত্যা করা হয়েছে। আর গত ৪ ফেব্রুয়ারি থেকে বাবা আমরোতে গোলা ও রকেট হামলা চালানো হচ্ছে।
তবে সিরিয়ায় গণমাধ্যমের ওপর কঠোর সরকারি নিষেধাজ্ঞা থাকায় এসব তথ্যের যথার্থতা যাচাই করা সম্ভব হচ্ছে না।
ওদিকে হোমসে আটকে পড়া বেসামরিক জনগণকে নিয়ে পশ্চিমা ও আরব দেশগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যেই তারা আসাদের পদত্যাগ ও রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের হিসেব অনুযায়ী, গত বছরের মার্চ মাসে শুরু হওয়া আসাদবিরোধী আন্দোলন দমন করতে দেশটির সরকারি বাহিনী সাড়ে ৭ হাজারেরও বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৬ঘ.
bdnews24