২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় নিহতের সংখ্যা ৭,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ

সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে ৭ হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2012, 06:50 PM

Updated : 24 Aug 2022, 10:52 AM

আম্মান, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত সাড়ে ৭ হাজারেরও বেশি সাধারণ মানুষ নিহত হয়েছে। মঙ্গলবার এ পরিসংখ্যান দিয়েছেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল লিন পাসকোয়ে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বলেন, “সিরিয়ায় অসংখ্য নারী ও শিশু মিলিয়ে এখন দিনে নিহতের সংখ্যা প্রায়ই ১শ ছাড়িয়ে যাচ্ছে বলে নির্ভরযোগ্য খবর আছে। এ পর্যন্ত সাধারণ মানুষ নিহতের মোট সংখ্যা নিঃসন্দেহে ৭,৫০০ ছাড়িয়েছে।” তবে সিরিয়া সরকার গত বছর ডিসেম্বরে দাবি করেছে, সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হাতে তাদের ২ হাজারের বেশি সেনা ও পুলিশ নিহত হয়েছে। কিন্তু সিরিয়ার চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নিহতের খবর আসছে প্রতিদিনই। হোমস, হামাসহ দেশজুড়ে বিভিন্ন স্থানে বিদ্রোহী অবস্থানগুলোর ওপর সরকারি বাহিনীর লাগাতার হামলায় নিহত হচ্ছে শ শ মানুষ। হামা প্রদেশে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হেলফায়া শহরে নিরাপত্তা বাহিনীর বোমা হামলা চলছে। মঙ্গলবারের হামলায় ২০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে আন্দোলনকর্মীরা। গত দু’সপ্তাহে প্রদেশটিতে এ নিয়ে অন্তত ১শ জন নিহত হয়েছে। হামার পাশাপাশি হোমসেও চলছে বোমা হামলা। মঙ্গলবার হোমসের বাবা আমরো এলাকায় বোমা হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’। এর আগের দিন সেখানে নিহত হয় ৮৪ জন। বিরোধী শিবির জানায়, হোমসে সোমবার রাতে ভাই মেহেরের নেতৃত্বে উন্নত অস্ত্রসজ্জিত একটি সেনাদল পাঠিয়েছেন আসাদ। বাবা আমরো এলাকার কাছ দিয়ে যাওয়া ট্যাংকগুলোর গায়ে ‘ফোর্থ ডিভিশন মনস্টারস’ লেখা ছিল। বাবা আমরো ও অন্যান্য শহরে সরকারি বাহিনীর অভিযানে শ শ মানুষ হতাহত হচ্ছে। প্রয়োজনীয় খাবার, পানি ও ওষুধের অভাবে দুর্ভোগ পোহাচ্ছে সেখানকার আতঙ্কিত অধিবাসীরা। আসাদ বাহিনীর এ তাণ্ডবের তীব্র সমালোচনা করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপে। তিনি বলেন, “আসাদ সরকার বর্বরতার সব সীমা ছাড়িয়ে যাচ্ছে।” আসাদকে যুদ্ধঅপরাধী হিসাবে গণ্য করা যেতে পারে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/০০৩৭ঘ.