শামীম আহমেদ
বার্সেলোনা থেকে
বার্সেলোনা, ২৮ ফেব্রুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন শিল্পে নিত্য নতুন আবিস্কার ও উৎকর্ষের স্বীকৃতি মিলবে মঙ্গলবার বিকেলে ১৭তম গ্লোবাল মোবাইল এওয়ার্ড অনুষ্ঠানে।
স্পেনের বার্সেলোনায় চলা জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২-এর অন্যতম আকর্ষণ এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৭টি বিভাগে মোট ৩০টি পুরস্কার দেওয়া হবে।
ইতিমধ্যে ছয়শ’ প্রতিযোগীর মধ্যে ১৫৮টি প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য প্রাথমিক বাছাই করা হয়েছে।
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০১২ এর নির্দেশিকার তথ্য অনুযায়ী এবার মোবাইল উৎকর্ষ, মোবাইল বিপণন ও বিজ্ঞাপন, সেরা প্রযুক্তি, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, সেরা মোবাইল সেবা, বছরের সেরা অ্যাপস এবং সেরা মোবাইল ফোনসেট ও ডিভাইস- এই ৭টি বিভাগে পুরস্কার দেওয়া হবে।
মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারনা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ ও প্রদর্শনী নিয়ে সোমবার জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০১২ শুরু হয়।
এ বছরের মোবাইল কংগ্রেসের স্লোগান ‘রিডিফাইনিং মোবাইল’। মোবাইল ফোন ব্যবহারকারীদের হাতের নাগলে নতুন সেবা আনার সুযোগ তৈরি করবে চার দিনব্যাপী এ মেলা।
এবারের কংগ্রেসে প্রায় ৫৮ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এক হাজার ৪০০টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়েছে।
অংশগ্রহনকারী ১৩০টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, বিভিন্ন দেশের অপারেটর, মোবাইল হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান, কনটেন্ট প্রোভাইডারসহ মোবাইল শিল্প সংশ্লিষ্টরা কংগ্রেসে যোগ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫৪১ ঘ.
bdnews24