চারডন, ওহিও, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের একটি স্কুলে এক ছাত্রের পিস্তলের গুলিতে অপর এক ছাত্র নিহত ও এক ছাত্রীসহ অপর তিন ছাত্র গুরুতর আহত হয়েছে।
ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডের নিকটবর্তী একটি ভোকেশনাল স্কুলের ক্যাফেটেরিয়ায় সোমবার সকালে এ ঘটনা ঘটে।
স্কুলটির এক শিক্ষক হামলাকারী ছাত্রটিকে ধাওয়া দিয়ে ক্যাফেটেরিয়ার বাইরে বের করে দেন। কিন্তু পরে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
নিহত ছাত্রের নাম ড্যানিয়েল পারমের্টর (১৬)। সে ওই ভোকেশনাল হাইস্কুলের কম্পিউটার সায়েন্স বিভাগের জুনিয়র লেভেলের ছাত্র।
ড্যানিয়েল স্কুলের ক্যাফেটেরিয়ায় বসে বাসের জন্য অপেক্ষা করছিলো। এ সময় গুলি শুরু হলে সে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। দ্রুত নিকটবর্তী মেট্রোহেলথ সিস্টেম হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।
আহত অপর চারজনের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে ১৮ বছর বয়সী ছাত্রীটির অবস্থা খানিক উন্নতির দিকে হলেও ১৭ বছর বয়স্ক কিশোরের অবস্থা সঙ্কটজনক।
স্থানীয় শেরিফ অফিস থেকে জানানো হয়, ঘটনার আধঘণ্টা পর সন্দেহভাজন গুলিবর্ষণকারীকে স্থানীয় লোকজন ও পুলিশি কুকুরের সহায়তায় আটক করা হয়।
সোমবার সকাল সাড়ে ৭টায় ক্যাফেটেরিয়ায় বসে স্কুলের ছাত্রছাত্রীরা যখন নাস্তা সারছিলো তখন গুলি শুরু হয়।
তরুন ওই হামলাকারীর নাম জানায় নি পুলিশ। কিন্তু স্কুলের সূত্রগুলো ও স্থানীয় গণমাধমে তার নাম টি জে লেন বলে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪১৩ ঘ.
bdnews24