লিসবন, ফেব্র“য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ অ্যাঙ্গোলাকে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য কমাতে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
অ্যাঙ্গোলার এ ধরনের পদক্ষেপ দেশটিতে স্থিতিশীলতা ও একতা বাড়াবে বলেও তিনি জানান।
সোমবার রাতে জাতিসংঘ ওয়েবসাইটে প্রকাশিত এক মন্তব্যে বান কি মুন বলেন, “অ্যাঙ্গোলার সম্পদ আছে। তবে সেইসঙ্গে সেখানে ধনী ও গরিবের মধ্যে পার্থক্যও অনেক।”
অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় দুই দিনের সফর শেষে একথা বলেন জাতিসংঘ মহাসচিব। এ সময় তিনি অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট হোসে এদুয়ার্দো দস সান্তোসসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
জাতিসংঘ মহাসচিব আরো বলেন, “সামজিক সমতা বাড়ানোর মাধ্যমে সরকারকে সামাজিক গঠন শক্তিশালী করতে আরো পদক্ষেপ নিতে হবে। সেইসঙ্গে আয়ে বণ্টন নিশ্চিত করতে হবে। এটা দেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও ন্যায় বিচার এগুলোর ওপর নির্ভর করে।”
এর আগে মানবাধিকার সংগঠনগুলো অ্যাঙ্গোলা সরকারের বিরুদ্ধে তেল বিক্রির অর্থ অব্যবস্থাপনার অভিযোগ করে।
আফ্রিকা মহাদেশে নাইজেরিয়ার পরই তেল উৎপাদনে শীর্ষে অবস্থান করছে অ্যাঙ্গোলা। অথচ এরপরও দেশটির এক কোটি ৮০ লাখ মানুষের মধ্যে দুই তৃতীয়াশংইকেই দৈনিক দুই ডলারের নিচে আয় দিয়ে জীবনধারণ করতে হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/২০০০ ঘ.
bdnews24